সব রাজনৈতিক দল নিয়ে বৈঠকের আহ্বান মেননের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব অর্থে পদ্মা সেতু করার লক্ষ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ সব রাজনৈতিক দল নিয়ে বৈঠক ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, বিএনপি যদি ওই সভায় না আসে, তাহলে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে এক সমাবেশে মেনন এ আহ্বান জানান। ঘোষিত কর্মসূচি ‘পদ্মা সেতু দিবস’ পালন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি এই সমাবেশের আয়োজন করে।রাশেদ খান মেনন অভিযোগ করেন, বিশ্বব্যাংকের পর বিএনপি এখন পদ্মা সেতু হতে না দেওয়ার ষড়যন্ত্রে মেতেছে। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নে দেশের আপামর মানুষ যখন এগিয়ে এসেছে, তখন চাঁদাবাজিসহ নানা ধরনের প্রশ্ন তুলে জনগণের উৎসাহকে বাধাগ্রস্ত করছে বিএনপি।মেনন বলেন, যেসব দেশ নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরিবর্তনের কর্মসূচি হাতে নিয়েছে, তাদের ক্ষেত্রেই বিশ্বব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ভেনেজুয়েলাসহ সাতটি দেশের উদাহরণ বিশ্ববাসীর সামনে রয়েছে। যাঁরা পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলের ব্যাপারে বিশ্বব্যাংকের দোষ দেখছেন না, তাঁরা কার্যত এ দেশের মানুষকে বিশ্বব্যাংকের কাছে নতজানু দেখতে চান।ক্ষমতাসীন মহাজোটের শরিক এই নেতা এ-ও বলেন, জনমনে বিভ্রান্তি দূর করতে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। যে মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে, নিজেদের অবস্থান পরিষ্কার করতে তাঁদের স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস প্রমুখ।