
উচ্চ আদালতে বাংলা ভাষায় রায় দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘একজন বিচারককে অনেক সময় দিনে এক শ মামলার রায় ও আদেশ দিতে হয়। সবগুলো যদি আমরা বাংলাতে দিতে বলি, তাহলে সেটা কষ্টকর হয়ে যাবে।’ এর মধ্যেই অনেক বিচারক বাংলায় বেশ কিছু রায় দিয়েছেন বলে জানান তিনি।
গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, উচ্চ আদালতে মামলার সংখ্যা বেশি। বিচারকের স্বল্পতাও রয়েছে। নিয়মিত বিচারকাজ করতেই দেরি হয়, এই দীর্ঘসূত্রতা কাটাতে তাঁরা চেষ্টা করছেন। তা ছাড়া অনেক আইন ও দেশি-বিদেশি রেফারেন্স ইংরেজিতে হওয়ায় বাংলায় রায় দেওয়া অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে বলেও জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, ইংরেজিতে রায় দেওয়াই প্রচলিত। অনেক আইনও ইংরেজিতে। দেশ ও দেশের বাইরের প্রায় সব রেফারেন্স ইংরেজিতে। এই অবস্থায় বাংলায় রায় দিতে হলে আগে জনবলসংকট কাটাতে হবে। এরপর বিষয়টি চিন্তা করা যাবে।