সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত ঘোষণা
রেস্তোরাঁয় খাবার খেতে এসে কিছু লোক ধূমপান করে। এ নিয়ে অধূমপায়ীদের সঙ্গে মারামারি, বিশৃঙ্খলার দৃষ্টান্তও রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কুমিল্লা জেলার সব রেস্তোরাঁকে ধূমপানমুক্ত ঘোষণা করে তা বাস্তবায়ন করার অঙ্গীকার করেন মালিকেরা।
কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার ডায়াবেটিক হাসপাতালের ‘চিকিৎসক যোবায়দা হান্নান’ মিলনায়তনে গত মঙ্গলবার দুপুরে এক কর্মশালা হয়। এতে মালিকদের হাতে ‘ধূমপানমুক্ত রেস্তোরাঁ’সংবলিত প্ল্যাকার্ড তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ জামিল। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এম রেজাউল করিম সরকার।
কর্মশালায় বক্তৃতা করেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মুকিত, সহ সাধারণ সম্পাদক এম কে রহমান জনি, সাংগঠনিক সম্পাদক ফয়সল বারী মজুমদার প্রমুখ। এতে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশনের সমন্বয়কারী এ কে এম আনিসুজ্জামান। ইউসুফ জামিল বলেন, দেশে চার কোটি ১৩ লাখ লোক ধূমপান ও তামাক ব্যবহার করে। একই সঙ্গে সমপরিমাণের চেয়েও বেশি মানুষ ধূমপান না করেও ধূমপায়ীদের দ্বারা পরোক্ষভাবে ক্ষতির শিকার হচ্ছে। রেস্তোরাঁর মতো বদ্ধ পরিবেশে ধূমপান অন্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে ধূমপান করে। এখন আইনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করে ওই বদ-অভ্যাস ঠেকাতে হবে।
ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের রেস্তোরাঁগুলোকে ধূমপানমুক্ত রাখার লক্ষ্যে কাজ শুরু করেছে।