সব রোহিঙ্গার জন্য এক শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে যে বৃহদাকার শিবির তৈরির পরিকল্পনা করেছে, তার জন্য তিন হাজার একর বা পাঁচ বর্গকিলোমিটার এলাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উখিয়া উপজেলার লাম্বাশিয়া থেকে ময়নাঘোনা এলাকার ওই শিবিরে প্রতিটি পরিবারের জন্য ২২৫ বর্গফুট করে জায়গা দেওয়া হবে। এভাবে দেড় লাখ পরিবারের জন্য দেড় লাখ ছাউনি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সরেজমিনে দেখা যায়, সরকারি উদ্যোগ শুরু হওয়ার আগেই রোহিঙ্গারা সেখানে নিজেদের মতো বাসস্থান তৈরি করে নিয়েছে। সেনাবাহিনী সেখানে সড়ক যোগাযোগ তৈরি করছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন গত সোমবার সকালে প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা আসা এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত নতুন আসা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার। এর বাইরে দুই লাখের বেশি রোহিঙ্গা ২০০৫ সাল থেকে বিভিন্ন সময় এসেছে। সব মিলে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ লাখ ২৬ হাজার ৪৩১। নিরাপত্তার জন্য সব রোহিঙ্গাকে কুতুপালংয়ের একটি স্থানে আনা হবে।
গত মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) জানায়, সোমবারও নতুন করে ১১ হাজার আশ্রয়প্রার্থী মিয়ানমার থেকে এসেছে।
একক বৃহদাকার আশ্রয়শিবির নির্মাণ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গত সপ্তাহে বলেছেন, ১৯৭৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা নিবন্ধিত-অনিবন্ধিত, ছড়িয়ে ছিটিয়ে থাকা সব রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালংয়ের একটি ক্যাম্পের আওতায় নিয়ে আসা হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ৩ হাজার একর জায়গায় ৫ লাখ মানুষের জন্য দেড় লাখ শেড, ১৭ হাজার ৫০০ বাথরুম, ৪ হাজার নলকূপ ও ১৪ হাজার গোসলখানা স্থাপন করা হবে। এর মধ্যে আড়াই হাজার বাথরুম, ১ হাজার ৮০০ নলকূপ ও ৭৯ হাজার শেড স্থাপন করা হয়ে গেছে।
তবে এত বেশি রোহিঙ্গার জন্য যে বিশাল আশ্রয়শিবির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, তা বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস গত শনিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক স্থানে মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের কারণে নানা ধরনের প্রাণঘাতী রোগ মহামারি আকারে দেখা দিতে পারে। তিনি বলেন, তাদের মধ্যে যদি কারও ছোঁয়াচে রোগ থাকে, তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া আগুন লাগার ঝুঁকি তো আছেই। একাধিক জায়গায় রাখা হলে একদিকে তারা যেমন নিরাপদ থাকবে, অন্যদিকে তেমনি তাদের দেখাশোনা করাও সহজ হবে।
তবে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ত্রাণশিবিরে কথা বলে জানা গেছে, সব রোহিঙ্গা এক স্থানে আসতে চায় না। মুতব্রু সীমান্তের কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আরিফুল ইসলাম বলেন, তাঁরা সীমান্তের শূন্যরেখায় আছেন। সুযোগ বুঝে তাঁরা সহজেই মিয়ানমারে ঢুকে যেতে পারবেন। কিন্তু ত্রাণশিবিরে গেলে আর ফিরতে পারবেন না।
নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান জানান, ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, নৌবাহিনী এখন পর্যন্ত সেখানে নিজেদের থাকার ঘর, অতিথিদের বসার ঘর, একটি হেলিপ্যাড ও চলাচলের একটি রাস্তা নির্মাণ করেছে। এ ছাড়া চরের চারদিকে বাঁধ নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে তারা একটি পরিকল্পনা করেছে। রোহিঙ্গা স্থানান্তরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

শেড ছেড়ে রোহিঙ্গারা ঝুপড়িতে
গত সোমবার কুতুপালং ক্যাম্পে গিয়ে দেখা যায়, সেখানকার প্রবেশমুখ জলকাদায় একাকার। একটু এগিয়ে গেলে ছাউনিগুলো যেখান থেকে শুরু, সেখানকার অবস্থা আরও খারাপ। কাদামাটির সঙ্গে যুক্ত হয়েছে মানববর্জ্য—সব মিলে অস্বাস্থ্যকর পরিবেশ।
আবর্জনা গড়িয়ে পড়া নালার পাশেই আবদুর রহমানের ঝুপড়ি। ওপরে সাদা রঙের ত্রিপল আর চারদিকটা কালো রঙের পলিথিনে ঢাকা। এই পলিথিন স্থানীয় বাজার থেকে কেনা হয়েছে সস্তা দরে। ছাউনির ওপরের সাদা রঙের যে ত্রিপল, সেটা সরকারি অনুদান। এখন সব ঝুপড়ির ওপরেই এই সাদা ত্রিপল দেওয়া হচ্ছে।
গত ১০ দিনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখা যায়, ছাউনিগুলোর ওপরের অংশ পলিথিন দিয়ে ঢাকা হলেও নিচের অংশে খোলা। বৃষ্টি হলে তা ছাউনির ভেতর ঢুকে পড়ে। কোনো কোনো ছাউনি অবশ্য চারদিকেই ঢাকা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৩ লাখ ২৩ হাজার মানুষ এখনো খাওয়ার পানির সুবিধা থেকে বঞ্চিত। প্রতিদিন এসব মানুষের জন্য ৩ হাজার ১৫০ কিউবিক মিটার পানির দরকার। কিন্তু তারা পাচ্ছে মাত্র ১ হাজার ৬২০ কিউবিক মিটার।
রোহিঙ্গারা বলছেন, খাওয়ার পানির সংকট কোনোভাবে মেটানো গেলেও যে ঝুপড়িগুলোয় তাঁরা বাস করছেন, সেগুলো খুবই গরম। দিনের বেলার এর ভেতরে থাকা যায় না। সরকার যে শেডগুলো স্থাপন করেছিল, সেগুলোতে কেউই থাকেনি। রোহিঙ্গারা নিজেদের মতো পলিথিনের ছাউনি করে বসবাস করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ছাউনি রোহিঙ্গারা নিজেরাই করেছে। স্থানীয় বাজার থেকে কেনা পলিথিন ও বাঁশকাঠ দিয়ে তারা ছাউনি তৈরি করেছে। এখন সেই ছাউনির ওপর একটি করে সাদা রঙের ত্রিপল দেওয়া হচ্ছে।
তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, শেড বা তাঁবু বলতে যা বোঝায়, তা দেওয়া হচ্ছে না। কারণ, রোহিঙ্গারা তাঁবুতে অভ্যস্ত নয়। এর আগে দুই হাজার তাঁবু বিতরণ করা হলেও তা কোনো কাজে লাগেনি। রোহিঙ্গারা সেই তাঁবুতে থাকেনি। তাদের অভিযোগ, তাঁবু খুব গরম। এ কারণে তাঁবুর বদলে এখন তারা যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকবে। তবে পলিথিনের বদলে তাদের ছাউনির ওপরে ত্রিপল দেওয়া হবে।
কিন্তু শেডে না থেকে যেসব ঝুপড়িতে রোহিঙ্গারা থাকছে, সেগুলোয় গরম কতটা কম? এক ত্রাণকর্মী গতকাল সকালে কুতুপাংলয়ের একটি ঝুপড়ির ভেতরে মাথা গলিয়ে ফিরে এসে বলেন, ভেতরটা মনে হচ্ছে বয়লার। কালো রঙের পলিথিন যেন সূর্যকে ধরে রেখেছে।
ছাউনির পরিবেশ নিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা নিজেও ক্ষোভ প্রকাশ করে বলেন, এ রকম ছাউনির ভেতরে কোনো মানুষ বাঁচতে পারে না। এটা কোনো মানুষের জীবন হতে পারে না।
এ রকম ছাউনিতে কি মানুষ থাকতে পারে? প্রশ্ন করা হলে কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ আবুল কালাম বলেন, এটাকে পলিথিনের ছাউনি কেন বলছেন? নিচে ম্যাট থাকবে, ওপরে তো ত্রিপল আছে।
এ রকম পরিবেশে কত দিন থাকতে হবে জানতে চাইলে তিনি বলেন, নিজ দেশে ফেরত না যাওয়া অথবা ভাসানচরে স্থানান্তর না হওয়া পর্যন্ত তাদের এভাবেই থাকতে হবে। কত দিন সময় লাগবে, সেটা কি কেউ বলতে পারবে?