কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ। চিকিৎসার জন্য গতকাল শুক্রবার তিনি ছুটে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে। দায়িত্বরত চিকিৎসক তাঁর ব্যবস্থাপত্রে ‘এ্যাজমাসল-২’ নামের ওষুধ লিখে দেন।
পরে চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার কাছে ওষুধের জন্য গেলে তাঁকে চলতি বছরের নভেম্বরে মেয়াদ শেষ হওয়া ওষুধ ধরিয়ে দেন। জাহিদ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা ভুল হয়েছে বলে জানান। শুধু গতকাল নয়, প্রায় সময়ই চিকিৎসাকেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোছাইন বলেন, চিকিৎসাকেন্দ্র থেকে আমরা তেমন কোনো সুযোগ-সুবিধা পাই না। বিভিন্ন রোগ নিয়ে গেলেও চিকিৎসক আমাদের প্রায় সময়ই প্যারাসিটমলই দেন। আমরা চিকিৎসা বাবদ প্রতিবছর টাকা দিই, অথচ সুচিকিৎসা না পাওয়ার কারণে বাইরে থেকে চিকিৎসা নিতে হয়। চিকিৎসাকেন্দ্রের ওপর আমরা আস্থা হারিয়ে ফেলেছি।
বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফারাজানা জেনী বলেন, বিশ্ববিদ্যালয়ে এক-তৃতীয়াংশের ওপর ছাত্রী থাকলেও চিকিৎসাকেন্দ্রে নেই কোনো মহিলা রোগ বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়েই ছাত্রীদের পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া নাক, কান ও গলার জন্যও নেই কোনো আলাদা বিশেষজ্ঞ।
চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি মাঝে মাঝেই ওষুধের মেয়াদ চেক করি। কিন্তু কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ এল তা তদন্ত করতে হবে। আমি কালই (শনিবার) এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’
অন্যদিকে চিকিৎসাকেন্দ্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’