মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বলেছেন, রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নৃশংসতা থেকে এটা স্পষ্ট যে সংখ্যালঘু এই মুসলিম জনগোষ্ঠীর সবাইকে সম্ভবত দেশছাড়া করার চেষ্টা করছে মিয়ানমার। হত্যা ও ধর্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর নিয়মতান্ত্রিক কায়দায় নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনায় জাতিসংঘের সর্বোচ্চ তদন্তের দাবি জানিয়েছেন।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৪তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় ইয়াংঘি লি এ দাবি করেন। মিয়ানমার ও বাংলাদেশ সফরের অভিজ্ঞতা থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে নিজের বিশ্লেষণ উপস্থাপন করেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্ত চৌকিতে গত ৯ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত হন নয়জন পুলিশ কর্মকর্তা। এরপর রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দেশটির শসস্ত্র বাহিনী। শত শত মানুষকে হত্যা, নারীদের ধর্ষণসহ জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে বাংলাদেশে ঢুকে পড়ে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা।
এসব ঘটনার পর ইয়াংঘি লি প্রথমে মিয়ানমার ও পরে বাংলাদেশ সফর করেন। দুই দেশে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি মানবাধিকার কাউন্সিলে বলেন, রোহিঙ্গাদের ওপর নিয়মতান্ত্রিকভাবে যে নিপীড়ন ও ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে, তা থেকে মনে হয়েছে যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সৈন্যদের হাতে নারীদের গণধর্ষণ ও শিশুদের জবাই করে হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া জবাই করে হত্যা, নির্বিচারে গুলি করা, লোকজনকে বেঁধে ঘরে আগুন দেওয়া, কম বয়সী শিশুদের আগুনে ছুড়ে ফেলার কথাও জানান ইয়াংঘি লি।
জাতিসংঘের বিশেষ দূত বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতির বিষয়ে মিয়ানমার সরকার বেশ কয়েকটি তদন্ত কমিশন গঠন করেছে। তবে তদন্তের ব্যাপারে এসব কমিশন এখনো নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের মানবাধিকার লঙ্ঘন তদন্তের সুযোগ নেই।
এরই পরিপ্রেক্ষিতে ইয়াংঘি লি হত্যা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত স্বাধীন ও নিরপেক্ষভাবে এবং বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। এই তদন্তের ক্ষেত্রে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত ‘কমিটি অব ইনকোয়ারি’ গঠনের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে স্বার্থের ঊর্ধ্বে উঠে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে সবাই মিলে একটি কঠোর বার্তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়াংঘি লি।