
ঈদের ছুটি শেষে বরিশাল নৌবন্দরে কর্মমুখী মানুষের ঢল নেমেছে। সরকারি-বেসরকারি সব নৌযান ধারণক্ষমতার দু-তিন গুণ যাত্রী নিয়ে বন্দর ত্যাগ করছে।
গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ভিড় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ১৪টি বিলাসবহুল লঞ্চ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দুটি জাহাজের প্রতিটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। সব কেবিনের সামনের বারান্দায় এমনকি লঞ্চের সামনের অংশে যাত্রী ঠাসা। পা ফেলারও জায়গা নেই। গতকাল সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে যাত্রীরা লঞ্চে উঠতে শুরু করেন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বৃহস্পতিবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে সব লঞ্চকে বন্দর ছাড়তে বাধ্য করা হয়েছে। গতকাল সুন্দরবন নেভিগেশন, সুরভী, পারাবত, কীর্তনখোলা, কালাম খান, দ্বীপরাজ, নেভিগেশনসহ ১৪টি বিলাসবহুল লঞ্চ বরিশাল নৌবন্দর থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া বিআইডব্লিউটিসির দুটি জাহাজও যাত্রী নিয়ে বন্দর ছেড়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী থাকলেও লঞ্চ বোঝাই হওয়ার চিহ্ন (লোড লাইন) অতিক্রম করতে দেওয়া হয়নি।
সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকা-বরিশাল নৌপথে সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন লঞ্চে ১ হাজার ২০০ জন যাত্রী পরিবহন করা সম্ভব। নাম প্রকাশ না করার শর্তে ওই দপ্তরের এক কর্মকর্তা বলেন, ঈদের জন্য লঞ্চগুলো সাড়ে তিন হাজারেরও বেশি যাত্রী পরিবহন করছে।
বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার ও গতকাল যাত্রীর চাপ সবচেয়ে বেশি ছিল। গতকাল মধুমতি বরিশাল থেকে ঢাকা এবং পিএস অস্ট্রিচ মোরেলগঞ্জ থেকে যাত্রী বোঝাই হয়ে ঘাট ছেড়েছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তার দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আবুল বাশার মজুমদার বলেন, কয়েক দিনের তুলনায় বৃহস্পতি ও শুক্রবার যাত্রীর ভীষণ চাপ ছিল। শনিবারের (আজ) পর যাত্রীর চাপ অনেকটা কমে আসবে।