সব শিক্ষক অনুপস্থিত বিদ্যালয় ছুটি দিলেন ঝাড়ুদার!
গাজীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো শিক্ষক আসেননি। একপর্যায়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেন ঝাড়ুদার। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, গাজীপুর সদর উপজেলার পুবাইল ইউনিয়নের শুকুন্দিরবাগ প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা শুরু করে। ঝাড়ুদার সুতরা বেগম শ্রেণীকক্ষগুলো খুলে দেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও চারজন শিক্ষকের কেউই আসেননি। এ অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সুতরা বেগম ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেন। স্থানীয় বাসিন্দা কাশেম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার প্রায়ই আসেন দেরিতে। চলে যান স্কুল ছুটি হওয়ার আগেই। তা ছাড়া প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক তাঁদের ইচ্ছামতো বিদ্যালয় খোলা ও বন্ধ রাখছেন। বিদ্যালয়ের ঝাড়ুদার সুতরা বেগম বলেন, ‘স্যারেরা স্কুলে আহে নাই হের ল্যাইগা স্কুল আমিই ছুটি দিয়া দিছি। পোলাপাইন আর কতক্ষণ বইয়া থাকব।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক রাবেয়া আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন আমি ঢাকার মতিঝিল থেকে স্কুলে যাওয়া-আসা করি। বৃষ্টির কারণে ও বাচ্চার অসুস্থতার জন্য আমি এদিন (সোমবার) স্কুলে যেতে পারিনি।’ অন্য শিক্ষকেরা কেন আসেননি সে বিষয়ে রাবেয়া আক্তার কিছু বলতে পারেননি। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, ছুটি না নিয়ে স্কুলে না আসায় সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।