সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাল ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এবং এই দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। এই ধর্মঘটে সমর্থন দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর দুটি জোট-কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। আজ মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটে সমর্থন দেয় সংগঠন দুটি।

বিকেলে বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি হাসান তারেক বলেন, ‘পুলিশ নিজেই নারী নিপীড়ন করেছে, রক্ষকই যদি নিপীড়ক হয়, তবে জনগণ কার কাছে যাবে? ’

পুলিশের উদ্দেশে হাসান তারেক বলেন, জনগণের সেবক পুলিশের কাছে জনগণের পক্ষ থেকে দেখা করতে গেলে তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তাঁরা হয়তো মন্ত্রী-এমপিদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশের সদস্যরা তাঁদের দায়িত্বের ব্যাপারে কৈফিয়ত দিতে বাধ্য।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।