শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, এক বছরের মধ্যে দেশের সব কলেজে অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হবে। বিদ্যুৎবিহীন প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালিত হবে।
গতকাল রোববার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবছর দেশে ৪০ লাখ শিশুর জন্ম হয়। এর মধ্যে ৩০ লাখ শিশু পঞ্চম শ্রেণিতে পড়ছে এবং ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে আট লাখ পরীক্ষার্থী।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা প্রমুখ।