শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব ধরনের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে (প্রবেশপথ) পোশাকধারী নিরাপত্তাপ্রহরী রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে এই নির্দেশ দেয়। এতে ক্লাস চলার সময় শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ছাড়া প্রতিষ্ঠানের ভেতর অন্যদের যাতায়াত নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত ‘ভিজিল্যান্স টিম’ বা নিরাপত্তা তদারক দল গঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার ঝুঁকি, শিক্ষার্থীদের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের আন্দোলন নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনা এল।
পরিপত্রে বলা হয়, ঢাকাসহ মহানগর ও জেলা সদরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা মানসম্মত নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় সৃষ্ট নাজুক পরিস্থিতিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে নিয়মিত পাঠদান বিঘ্নিত হয়।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা গতকাল প্রথম আলোকে বলেন, অনেক সময় দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরীরা পোশাক ছাড়াই দায়িত্ব পালন করেন। এতে কিছু সমস্যার সৃষ্টি হয়। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় প্রহরী রাখতে হবে।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় ৩৬ হাজার। এসব প্রতিষ্ঠানে প্রায় পৌনে ২ কোটি শিক্ষার্থী রয়েছে। বর্তমানে ঢাকাসহ শহরাঞ্চলে প্রতিষ্ঠিত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানাপ্রাচীর আছে এবং নিরাপত্তাপ্রহরী রয়েছে। তবে মফস্বল এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানাপ্রাচীর নেই।
বাল্যবিবাহ রোধে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান
বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা দিয়ে গতকাল শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়, বিয়ে পড়ানোর ক্ষেত্রে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত থাকতে দেখা যায়। বিয়ে পড়ানোর ক্ষেত্রে পাত্রপাত্রীর বয়স আইনে নির্ধারিত বয়সের নিচে হলে সংশ্লিষ্ট পাত্রপাত্রী ও অভিভাবককে এ ধরনের বাল্যবিবাহে নিরুৎসাহিত করার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তাঁদের আইনে নির্ধারিত ন্যূনতম বয়স সম্পর্কে নিশ্চিত হয়ে বিয়ে পড়ানোর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া পাত্রপাত্রীর বয়স-সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ ও নিবন্ধন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় পরিপত্রে।