
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ছাত্রকে যিনি চিনবেন না তাঁর শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা থাকে না। আমরা এখন সেই তথ্য নিচ্ছি কে তাঁর সব ছাত্রকে নামে চেনেন না, চেহারায় চেনেন না। তাঁর (শিক্ষকের) এমপিও হলে কেটে দেব, সরকারি চাকরি হলে বাতিল করে দেব।’
গতকাল মঙ্গলবার রাজশাহীতে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে কোনো কোনো টিচার বলেন, এত ছাত্র আমরা কী করে প্রত্যেককে চিনব? আপনি আমার ছাত্রকে চিনবেন না, আর আপনি লেখাপড়া শেখাবেন এটা কোনো দিন সম্ভব নয়। চিনতেই হবে।’
শান্তির ধর্ম ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো সন্তানকে তার মা-বাবার চেয়ে আর কে বেশি ভালোবাসতে পারেন? সেই মা-বাবা তাঁর সন্তানের লাশটা পর্যন্ত নিচ্ছেন না। তুমি এতই গুণাহর কাজ করছ, এতই লজ্জার কাজ করছ যে বাবা-মা পর্যন্ত স্বীকার করছেন না। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনীর হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।