সব শিল্পপ্রতিষ্ঠান কল্যাণ তহবিলের আওতায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে অভিনেত্রী আনোয়ারা বেগমের হাতে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন l ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে অভিনেত্রী আনোয়ারা বেগমের হাতে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন l ফোকাস বাংলা

কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য সব প্রস্তুতকারক এবং রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কল্যাণ তহবিলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা ইতিমধ্যে সব গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানকে কেন্দ্রীয় কল্যাণ তহবিলের আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’

প্রধানমন্ত্রী গতকাল রোববার তাঁর কার্যালয়ে কর্মক্ষেত্রে নিহত ও পঙ্গু শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে তৈরি পোশাকশিল্পের তহবিল থেকে ক্ষতিপূরণের চেক প্রদানকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য ছাড়া যেসব প্রতিষ্ঠান পোশাক রপ্তানি করে, তাদেরও এই তহবিলের আওতায় আনতে হবে।’

প্রথমবারের মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন গঠিত কেন্দ্রীয় কল্যাণ তহবিল থেকে মৃত্যু ও পঙ্গুত্বের কারণে ২৩৪ জন শ্রমিকের পরিবারকে ÿক্ষতিপূরণের চেক দেওয়া হয়।

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলতে পারে, বাইরের কারও উসকানিতে কোনো রকম দুর্ঘটনা যেন সেখানে না ঘটে, সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে। তিনি বলেন, ‘আমাদের দেশে কেউ কেউ আছে শ্রমিক রাজনীতির নামে এনজিও করে, আবার শ্রমিকনেতাও সেজে যায়। তারা ভাগ খাওয়ার জন্য নানাভাবে ঘোট পাকায়। এদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে।’

শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রাজনীতি করি বড়লোককে বড়লোক বানানোর জন্য নয়, আমার রাজনীতি গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

আইএমও মহাসচিবের সাক্ষাৎ

আরও বেশি বিদেশি জাহাজে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফররত আইএমওর মহাসচিব কিতক লিম গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

অভিনেত্রী আনোয়ারাকে আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেত্রী আনোয়ারা বেগমের দুর্দশার কথা জেনে তাঁর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। স্বামীর অসুস্থতার কারণে আনোয়ারা বেগম দুর্দশার মধ্যে জীবনযাপন করছিলেন। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে গণভবনে তাঁকে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী পরিবারের খরচ চালানোর জন্য আনোয়ারা বেগমকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্বামী মোহিতুল ইসলাম ফকিরের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রদান করেন।