সব শিশুকে বিদ্যালয়ে নিতে উদ্যোগের সমন্বয় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে যাওয়ার উপযোগী দেশের ১০ শতাংশ শিশু মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে রয়ে গেছে। প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ৫৬ দশমিক ২ শতাংশ শিশু স্কুল থেকে ঝরে পড়ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ তথ্য তুলে ধরেন। ডেইলি স্টার, সেভ দি চিলড্রেন এবং গণসাক্ষরতা অভিযান এর আয়োজন করে। ‘এ ন্যাশনাল প্রায়োরিটি ফর ইএফএ: রিচিং দ্য ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক এ বৈঠকে জাতিসংঘ শিশু তহবিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, চার মাসের মধ্যে প্রাথমিকে সমাপনী পরীক্ষা চালু করা হয়েছে। সময়মতো শিশুরা বই পেয়েছে। এখন সরকারের লক্ষ্য ২০১১ সালের মধ্যে গমন উপযোগী সব শিশুকে স্কুলে নেওয়া। তবে এ বিষয়টি সফল করার জন্য তিনি সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, বাইরে থাকা শিশুদের স্কুলে আনার জন্য শুধু সরকারের মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে না, সবাইকে সমন্বিতভাবে অগ্রসর হতে হবে। স্কুল থেকে ঝরে পড়ার পেছনে ইভটিজিং ও বাল্যবিবাহকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন রাশেদা কে চৌধুরী। বৈঠকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মনজুর আহমেদ, সেভ দি চিলড্রেন ইউএসএর শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনালের উপদেষ্টা মো. মহসিন, অধ্যাপক লতিফা আকন্দ প্রমুখ বক্তৃতা করেন।বক্তারা শিশুদের স্কুলমুখী না করতে পারার পেছনে দারিদ্র্যের পাশাপাশি স্কুলের সংখ্যা কম থাকা, যোগ্য শিক্ষকের অভাব, অভিভাবকদের নেতিবাচক মনোভাব, স্কুলে শিশুদের মারধর করা, শিশুতোষ বইয়ের অভাব, শ্রেণীকক্ষের ভীতিকর পরিবেশসহ বিভিন্ন কারণকে দায়ী করেন।