সব শিশুকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিশুকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা, শিক্ষার মান নিশ্চিত করা, ছেলেমেয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে ঢাকায় চলমান ই-নাইন দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলনে।
রাজধানীর একটি হোটেলে সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আজ মঙ্গলবার। গত রোববার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকা ঘোষণার সারমর্ম হলো, সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করা, ছেলেমেয়ে সবার সমান সুবিধা নিশ্চিত করা, শিক্ষার মান নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা। এসব বিষয়ে ই-নাইনভুক্ত দেশগুলো নতুন নতুন উদ্যোগ নেবে।
জানা গেছে, মূলত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) শিক্ষা ক্ষেত্রে যেসব বিষয় অর্জন করতে বলা হয়েছে, সেগুলোই সুনির্দিষ্ট করে অর্জনের কথা বলা হয়েছে ঢাকা ঘোষণায়।
মানসম্মত শিক্ষার সূচক কী—সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি দেশের পাঠ্যবইয়ে যেসব বিষয় শেখানোর কথা আছে, তা অর্জন করাই হলো এর লক্ষ্য। তবে এটা নিয়ে আরও আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-নাইনভুক্ত দেশগুলোর শিক্ষামন্ত্রীদের ফোরামের সভাপতি হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী।
এবার ই-নাইন সম্মেলন বলা হলেও মেক্সিকোর কেউ আসেননি। ব্রাজিল থেকেও কেউ আসেননি, তবে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ব্রাজিল শেষ মুহূর্তে জানিয়েছে, যাঁর আসার কথা ছিল তিনি আসতে পারছেন না। এ জন্য রাষ্ট্রদূত প্রতিনিধিত্ব করেন। আর মেক্সিকো আসেনি। এমনটা হতেই পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) সহকারী মহাপরিচালক কিয়ান তাং, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রমুখ।