সারা দেশে গতকাল রোববার ১৮তম জাতীয় টিকা দিবস পালিত হয়েছে। সারা দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নেয়। আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিকাদানকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান করবেন। গতকাল টিকা খাওয়া থেকে বাদ পড়া শিশুদের তাঁরা টিকা খাওয়াবেন।জাতীয় টিকা দিবসের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। একই সঙ্গে তিনি অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী খালি পেটে কৃমিনাশক বড়ি না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে অভিভাবক ও টিকাদানকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। গতকাল ঢাকা থেকে ধামরাই পর্যন্ত বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোলিওর টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ির কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই।ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের টিকাদানকেন্দ্রে আসা রুবি আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার শিশু রাজুর বয়স চার বছর। সময়মতো আমি ওরে টিকা দেই। ডাক্তাররা বলে দিছে, এতে ওর শরীর সুস্থ থাকবে। গতকাইল মাইকেও জানিয়ে দেওয়া অয়। এ কারণে সকাল সকাল চলে এসেছি।’রুবি আক্তারের মতো অনেক মাকে দেখা গেছে শিশুকে নিয়ে টিকাদানকেন্দ্রে আসতে। টিকাদানকর্মী নুরুন্নাহার বলেন, সকাল থেকেই ভালো সাড়া পাওয়া গেছে। মায়েরা স্বতঃস্ফূর্তভাবেই টিকাদানকেন্দ্রে আসছেন।পরিদর্শন শেষে প্রথম আলোকে একই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় দেখেছি, টিকাদানকেন্দ্রে শিশুদের ভালো উপস্থিতি আছে। এ ধরনের উপস্থিতিই প্রমাণ করে, মানুষ সচেতন হচ্ছে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সব শিশুর টিকা পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করা আমাদের কাছে চ্যালেঞ্জ। দেশের চরাঞ্চলের শিশুদের জন্য টিকাসহ বিভিন্ন ওষুধ পৌঁছে দিতে নৌকা ও পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।’