প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে তাঁর ছোট ভাই শেখ রাসেলের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ করে বলেছেন, ‘আমরা এ ধরনের আর কোনো শিশুর মৃত্যু দেখতে চাই না। আমরা সব শিশুর নিরাপদ ভবিষ্যৎ দিতে এবং সব পর্যায়ে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম করতে মূল্যবান নাগরিক হিসেবে তাদের প্রত্যেককে গড়ে তুলতে চাই।’ খবর বাসসের।
শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, তাঁর সরকার দেশের সব শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা একটি বিজয়ী জাতি। একটি বিজয়ী জাতি কখনোই একমাত্র মহান আল্লাহর কাছে ছাড়া অন্য কারও কাছে মাথা নত করতে পারে না।’
শেখ রাসেলের স্মৃতি উল্লেখ করে আবেগাপ্লুত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘রাসেল ছিল আমার অনেক ছোট। ছোটবেলা থেকেই আমি তাকে দেখাশোনা করতাম। আমি আর কোনো শিশুর জীবনে এমন ঘটনা দেখতে চাই না।’
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় কিংবা বছরের পর বছর কারাগারে থাকায় রাসেল জন্মের পর থেকেই বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, ‘মা ও অন্য আত্মীয়স্বজন নিয়ে আমরা যখন কারাগারে বাবাকে দেখতে যেতাম, ছোট রাসেলও সঙ্গে যেত। সে সময় রাসেল বুঝতে পারত যে বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘটনা শুধু একটি পরিবারকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল না, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যই ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে দেশকে অন্যদিকে পরিচালিত করা। দেশকে পরাজিত শক্তির হাতে তুলে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পরিষদের মহাসচিব মাহমুদুস সামাদ চৌধুরী, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দরিদ্র পরিবারের পিতামাতার ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দিচ্ছে। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে এবং শিক্ষায় প্রবেশ সহজ করে দিতে তাদের সহায়তার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আন্তবিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে তারা লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি ও ইতিহাসে মনোযোগী হবে। এতে তারা জাতির প্রকৃত ইতিহাস জানতে পারবে।