আড়াই হাজার শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার সকালে ঢাকার সাভারের কলমা এলাকায় নাভানা সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভার থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ছয় দিন বন্ধ থাকার পর গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে প্রধান ফটকে ছাঁটাই ও বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। একজোট হয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার আশপাশে বিভিন্ন স্থানে অবস্থান নেন।দুপর দেড়টা পর্যন্ত শ্রমিকেরা কারখানার আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়ে একজোট হওয়ার চেষ্টা চালান। কিন্তু বিপুলসংখ্যক পুলিশের কারণে আর একজোট হতে পারেননি। কারখানার শ্রমিক আবদুর রহিম ও রফিকুল ইসলামসহ আরও অনেকেই জানান, গত ২৩ অক্টোবর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় এক যুবলীগ নেতার হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। গতকাল কারখানা খোলার প্রথম দিন শ্রমিকেরা ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ দেখতে পান। নিয়ম অনুযায়ী পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হন। তাঁরা অভিযোগ করেন, লোকসান আর কাজ না থাকার কারণ দেখিয়ে শ্রমিক ছাঁটাই এবং কারখানাটি বন্ধ ঘোষণা করা হলেও কর্তৃপক্ষের এ দাবি সত্য নয়। নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা বলেন, অব্যাহত লোকসান আর কাজ না থাকায় সব শ্রমিককে ছাঁটাই করে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ নভেম্বর নিয়ম অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। ঝুট ব্যবসা ও চাঁদার দাবিকে ঘিরে যুবলীগ নেতা ও তাঁর সহযোগীদের কাছে কয়েকজন কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, তাঁদের ভয়ে অনেক কর্মকর্তা কর্মস্থলে আসাই বন্ধ করে দেন। থানায় মামলা করেও কোনো ফল পাওয়া যায়নি। কারখানাটি বন্ধের পেছনে যুবলীগ নেতাদের উচ্ছৃঙ্খলতাও একটি অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।