সব সংগ্রামী নারীই জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সাতটি বিভাগে চলছে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের জয়িতাদের সঙ্গে অতিথিরা । ছবি: প্রথম আলো
দেশের সাতটি বিভাগে চলছে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের জয়িতাদের সঙ্গে অতিথিরা । ছবি: প্রথম আলো

তহুরা বেগম। ছাত্রাবাসে রান্না করতেন। বাস করতেন অন্যের জমিতে। স্বামী মানসিক ভারসাম্যহীন। একাই কাজ করে তিন সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। বড় ছেলের লেখাপড়া শেষ হয়েছে। এখন তিনি পাবনার জেলা ম্যাজিস্ট্রেট। আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। মেয়ে পড়ছে স্কুলে। রংপুর বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচি তাঁকে সফল জননী নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর শাস্ত্রিপাড়া গ্রামে।
দেশের সাতটি বিভাগে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন সফল ও সংগ্রামী নারীকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের পাঁচজন নারীকে পুরস্কৃত করা হয়। নির্বাচিত অপর চার নারী হচ্ছেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের কমলা রানী পাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে কুড়িগ্রামের সদর উপজেলার পশ্চিম কল্যাণ যুগীর ভিটা গ্রামের লিলি বেগম, জীবন সংগ্রামে অর্থনৈতিক সাফল্যের জন্য দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী গ্রামের সহিদা বেগম, সমাজ উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সন্ধ্যারাই গ্রামের সেলিনা জাহান।
রংপুরের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিচারক ও প্যানেলিষ্ট অতিথি ছিলেন সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশিষ্টজনেরা। মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেনের স্বাগত বক্তব্যের পর জয়িতাদের জীবন সংগ্রাম নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। জয়িতারা নিজেদের সংগ্রামী জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আর্থিক ও সামাজিক প্রতিকূলতা অতিক্রম করে দুই সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন লিলি বেগম। স্বামী নিরুদ্দেশ হলেও দমে যাননি তিনি। এক ছেলে গ্র্যাজুয়েশন করে সৌদি আরবে চাকরি করছেন, ছোট ছেলে নোয়াখালী সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছা্রত্র। হতদরিদ্র পরিবারের ছয় ভাইবোনের মধ্যে কমলা রানী পাল বড়। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া কমলাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। শ্বশুরবাড়িতে থেকে অন্যের বই ধার করে এসএসসি পাস করে চাকরি নিয়ে ভাইবোনসহ স্বামীর লেখাপড়ার খরচও চালাতেন তিনি। এখন পাঁচ ভাইবোন চাকরি করেন। কমলাও ২০০৭ সালে এমএসএস পাস করেছেন।
২০০২ সালে স্বামী অসুস্থ হলে বিপাকে পড়েন সহিদা বেগম। সামান্য বেতনে একটি বেসরকারি ক্লিনিকে চাকরি নেন। চার ছেলেমেয়ের লেখাপড়া ও সংসার নিয়ে বেসামাল অবস্থা। এক ছেলেকে ঢাকায় পাঠান কাজ করতে। সেখানে বুটিকসের কাজ শেখেন ছেলে। পরে ছেলের কাছেই বুটিকসের কাজ শিখে নিজেই কাজ শুরু করেন। এরপর কয়েকজন মহিলাকে একত্রে প্রশিক্ষণ দিয়ে তাঁদের নিয়ে কাজ করেন। এখন ৪০০ নারী কাজ করছেন তাঁর সঙ্গে।
ভূমিহীন সহিদা এখন ছয় কাঠা জমি, গাভি ও নগদ টাকার মালিক। তিন মেয়ের বিয়েও দিয়েছেন ধুমধাম করে। এখন স্বপ্ন দেখছেন নারী প্রশিক্ষণ কেন্দ্র ও নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার।
সেলিনা জাহান ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রতিকূলতা পেরিয়ে এখন নিজেই অন্যের সমস্যা মোকাবিলা করছেন। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন প্রতিবন্ধী স্কুল ও শিশুদের জন্য দুটি প্রাথমিক বিদ্যালয়। নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করেন। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতামূলক সভা-সমাবেশ করে সমাজে অসামান্য অবদান রাখছেন।
মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, রংপুর বেগম রোকেয়ার জন্মস্থান। এখানে জয়িতাদের মুখ দেখে তাঁর সংগ্রামী জীবনের কথাই মনে পড়ছে। জয়িতারা হলেন সেই সংগ্রামী নারী, যাঁরা প্রতিকূলতা পেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। সব সংগ্রামী নারীই জয়িতা, যা আজকের বাংলাদেশের বাতিঘর। জয়িতাদের হাতে সমঞ্চাননাপত্র, ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। আয়োজনটির মিডিয়া পার্টনার প্রথম আলো ও চ্যানেল আই।