
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ রেখেছে। এমনকি অনুমোদন নিয়ে শিল্পকারখানা করার পরও তাদের গ্যাস দেওয়া হচ্ছে না। কিন্তু গোপনে গোপনে ‘অ্যাপার্টমেন্ট হাউজিং’-এ ঠিকই গ্যাস-সংযোগ দেওয়া চলছে। এর ফলে বঞ্চিত হচ্ছেন অনেক সাধারণ গ্রাহক।
পিজিসিএল সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুন রাজশাহীর বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। তখন তাড়াতাড়ি সংযোগ দেওয়ার জন্য বিনা দরপত্রেই পুরোনো ঠিকাদারকে দিয়ে রাইজার উত্তোলনের কাজ শুরু হয়েছিল। গত বছরের জুন পর্যন্ত রাজশাহীতে প্রায় ৯ হাজার বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হয়। এখনো সাড়ে ২১ হাজার গ্রাহকের আবেদন পড়ে রয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ গ্রাহকের চাহিদাপত্র (ডিমান্ড নোট) ইস্যু করা হয়েছে।
গত জুনের পর রাজশাহীর জন্য আর রাইজার উত্তোলনের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। ফলে টাকা জমা দেওয়ার পরও গ্রাহকদের বাসাবাড়িতে গ্যাস-সংযোগ বন্ধ রয়েছে। যেসব গ্রাহকের নামে ‘ডিমান্ড নোট’ ইস্যু করা হয়েছে, তাঁরা ইতিমধ্যে বাসায় ‘ওয়্যারিং’ পর্যন্ত করে ফেলেছেন। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নগরের রানীনগর এলাকায় শাহিদা খাতুনের নামে ডিমান্ড নোট ইস্যু হয়েছে। তাঁর মেয়ে হোসনে আরা বলেন, চাহিদাপত্র ইস্যু হওয়ার পর তাঁরা বাসায় ওয়্যারিং করে ফেলেছেন। এ কাজ করতে ৪০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু এখন গ্যাস কোম্পানি তাঁদের ঘোরাচ্ছে। কার্যালয়ে গেলে কর্মকর্তারা বলেন, ‘অপেক্ষা করেন।’
পিজিসিএল সূত্র জানায়, এই অবস্থার মধ্যে গত জানুয়ারিতে নগরের মহানন্দা আবাসিক এলাকায় ১১৮/৩ নম্বর অ্যাপার্টমেন্টের গ্রাহক নাজমুন নাহারের নামে দুটি ফ্ল্যাটে গ্যাস-সংযোগ দেওয়া হয়। এ ছাড়া পদ্মা আবাসিক এলাকার ১১/০১ নম্বর ফ্ল্যাটে হুসাইন আলীর নামে দুটি ও সপুরা এলাকায় লতিফা বেগমের নামে একটি সংযোগ দেওয়া হয়েছে। শাহাদাৎ আলী ও মিজানুর রহমান নামের অপর দুই গ্রাহকের বাসায়ও সংযোগ দেওয়া হয়েছে। এভাবে গ্যাস-সংযোগ দেওয়া অব্যাহত রয়েছে। কিন্তু সাধারণ গ্রাহকেরা দীর্ঘদিন ধরে টাকা জমা দিয়ে রাখলেও তাঁরা সংযোগ পাচ্ছেন না। এমনকি তাঁদের কোনো নিশ্চয়তাও দেওয়া হচ্ছে না।
এর মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) স্বাক্ষরিত এক চিঠিতে বগুড়ায় ৬৪টি রাইজার উত্তোলনের কাজের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, একটি বহুতল ভবনে এই ৬৪টি সংযোগ দেওয়া হবে।
এভাবে গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) কামরুজ্জামান বলেন, এদের কাজগুলো একটু বিশেষায়িত। আগেই টাকা জমা নেওয়া ছিল। আংশিক করাই ছিল, সে জন্য এখন বাকি কাজটুকু করে দেওয়া হচ্ছে।
অনেক সাধারণ গ্রাহকও টাকা জমা দিয়ে রেখেছেন, তাহলে তাঁদের সংযোগ দেওয়া হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন, এটা করতে হলে রাইজার ঠিকাদার নিয়োগ করতে হবে। কিন্তু সেটা তো করা যাচ্ছে না। এখন যাদের দেওয়া হচ্ছে, তাদের রাইজার পয়েন্ট করা আছে। সংযোগ না দিলে অবৈধ সংযোগ নেওয়ার একটা সুযোগ থাকে। এ জন্য তাদের সংযোগটা দিয়ে দেওয়া হচ্ছে।