সব সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তে গুরুত্ব সুইডিশ রাষ্ট্রদূতের
সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল বলেছেন, সব সন্ত্রাসী হামলার তদন্ত সুষ্ঠুভাবে শেষ হলে তা বাংলাদেশে সন্ত্রাসীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সহায়তা করবে। এর ফলে সবার মধ্যে আস্থা আরও বাড়াবে।
ঢাকায় সুইডেনের শীর্ষ এই কূটনীতিক মনে করেন, ১ জুলাইয়ের হামলার পর বাংলাদেশ সরকার, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো প্রচুর পদক্ষেপ নিয়েছে। তা ছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রোববার বিকেলে ডিকাব টক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল এই অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টি। স্বাগত বক্তব্য দেন ডিকাবের সাধারণ সম্পাদক পান্থ রহমান।
সুইডেনের রাষ্ট্রদূত জানান, গুলশানের হলি আর্টিজান বেকারির হামলার পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে, কেননা ওই হামলার জন্য কেউ প্রস্তুত ছিল না। এরপর থেকে কূটনীতিকেরা সতর্কতা বজায় রেখে চলেছেন।
গুলশানের জঙ্গি হামলাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়ে ইয়োহান ফ্রিসেল বলেন, ‘প্রচণ্ড এক ধাক্কায় আমাদের সবার ঘুম ভেঙেছে। সেটি প্রচণ্ড একটি আঘাত ছিল। ওই হামলার তদন্তের অগ্রগতি আমাকে সন্তুষ্ট করেছে।’ তবে বাংলাদেশের ব্লগার ও প্রকাশকদের ওপর হামলা, সমকামী অধিকারকর্মী, কয়েকজন বিদেশি হত্যাসহ বেশ কিছু অপরাধে পুলিশের তদন্ত যথেষ্ট দ্রুততার সঙ্গে হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।