সব সবজি বারো মাস!
দুপুরের তপ্ত রোদে গতকাল বুধবার কারওয়ান বাজার পাইকারি বাজারের এক পাশে ফুলকপি আর বাঁধাকপি আলাদা স্তূপ করে রাখছিলেন মাসুম আর জামাল নামের দুই পাইকারি সবজি বিক্রেতা। খুচরা বিক্রেতারা তাঁদের দোকান থেকে কিনছিলেন ফুলকপি আর বাঁধাকপি। এগুলো বিক্রি হবে রাজধানীর পাড়া–মহল্লাসহ বিভিন্ন বাজারে।
জামাল জানালেন, শীতের অন্যতম এই দুই সবজির চাহিদা শীতের মতো অত বেশি না হলেও অনেকেই তা কিনছেন। তাঁরা ফুলকপি ২০ টাকা আর বাঁধাকপি ১৫ টাকায় বিক্রি করছেন। তাঁদের কাছ থেকে কিনে নিচ্ছিলেন তেজগাঁও এলাকার সবজি বিক্রেতা আবদুল করিম। তিনি জানালেন, তিনি প্রতিটি কপি ৫ টাকা বেশি দরে বিক্রি করবেন।
কয়েক বছর আগেও গরমের সময় বাজারে শীতকালীন সবজি খুব একটা পাওয়া যেত না। এখন দিন পাল্টেছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটোসহ শীতের সবজি দেদার বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। বিশেষজ্ঞরাও বলছেন, কৃষির উন্নতির কারণে সারা বছরই সব সবজি মিলছে।
রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান বাজার ও হাতিরপুলের বাজারে গতকাল গিয়ে দেখা যায়, তিনটি বাজারেই অন্যান্য সবজির সঙ্গে বিক্রি হচ্ছে শীতের সবজি। সবজি বিক্রেতারা জানান, চাহিদা আছে বলে এখন সারা বছরই এসব সবজি পাওয়া যাচ্ছে।
কারওয়ান বাজারের খুচরা সবজি বিক্রেতা লিটন মিয়া প্রতিটি ফুলকপি ৩০ টাকা আর বাঁধাকপি প্রতিটি ২০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া মুলা ২০ টাকা ও টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁর তথ্যমতে, পাবনার ঈশ্বরদী থেকে এসব সবজি বেশি আসছে। লিটন মিয়া জানান, ওই সব এলাকায় বিশেষভাবে পলিথিন দিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা করে ফুলকপি ও বাঁধাকপি চাষ হচ্ছে।
কারওয়ান বাজারে ফুলকপি কিনছিলেন ফার্মগেট এলাকার বাসিন্দা মো. আরমান শেখ। তিনি বলেন, ‘শীতের মতো মজা নেই, তা–ও ফুলকপি কিনছি। সবজি হিসেবে খেতে ভালো লাগে।’ তিনি আরও বলেন, এখন এমন অবস্থা, সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এটি ইতিবাচক বলে মনে করেন তিনি।
আরেক ক্রেতা হাতিরঝিল এলাকার মোমেনা বেগম জানালেন, তাঁর বাসার সবাই ফুলকপি আর বাঁধাকপি পছন্দ করেন। তবে শীতকালের সবজি যেমন স্বাদের, তেমন স্বাদ এখন পাওয়া যায় না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ রহিম প্রথম আলোকে বলেন, কৃষিবিদদের সফলতার কারণে এখন তাপসহিষ্ণু সবজির চাষ হচ্ছে। এ জন্য শীতের সবজি সারা বছরই পাওয়া যায়। শুধু তা-ই নয়, সব ধরনের সবজিই বছরজুড়ে পাওয়া যায়। তিনি জানান, সারা বছর সব সবজি পাওয়া কৃষিক্ষেত্রে একটি বিশাল ইতিবাচক দিক। এতে হয়তো স্বাদ একই রকম থাকে না, কিন্তু সবজি তো পাওয়া যায়। এ ছাড়া বিক্রেতারা ভালো দাম পাওয়ায় সারা বছরই সব ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে।