
চট্টগ্রাম নগরের উন্নয়ন এবং নগরের জলাবদ্ধতাসহ সব সমস্যার সমাধানের লক্ষ্যে সহায়তা দেওয়ার বিষয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র এ জেড এম নাছির উদ্দিন ও কয়েকজন কাউন্সিলর গতকাল রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। খবর বাসসের।
শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, তাঁর সরকার দারিদ্র্য বিমোচন এবং জনগণকে সমৃদ্ধ জীবনযাত্রার সুযোগ দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে ও সিটি নির্বাচনে বিজয় লাভ করতে ব্যর্থ হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করেছে এবং তারা এই বিশেষ ইস্যুতে সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য প্রচারণা চালাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কোনো ভুল বা অপরাধ করেনি, যার জন্য কোনো কূটনৈতিক চাপের কাছে মাথা নত করতে হবে।
মেয়র নাছির তাঁর স্ত্রী, দুই সন্তান, চট্টগ্রাম আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীসহ গণভবনে যান। আওয়ামী লীগের নেতাদের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতা, সাংসদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র নির্বাচিত হওয়ায় নাছির উদ্দিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নগরের জনগণের জন্য কাজ করবেন।