হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে স্বনামে প্রতিষ্ঠিত ‘বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ’ পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধান বিচারপতি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তিনি প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। শিক্ষা বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি এ প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কমলা কান্ত সিনহা বলেন, প্রধান বিচারপতির সম্মানার্থে স্থানীয় রবীন্দ্র সিংহের দান করা জমিতে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। চলতি বছর থেকে চালু হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিতে বর্তমানে ৬০ জন পড়াশোনা করছে।