ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার সাড়ে চার মাসের বেশি সময় পর ফিরে আসা মেহেদি হাসানকে বরিশালে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। চিকিৎসার জন্য মেহেদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানীতে একটি রেস্তোরাঁ থেকে গত ১ ডিসেম্বর নিখোঁজ হন মেহেদিসহ চার যুবক। গত মঙ্গলবার সকালে ঢাকার সাভারের নবীনগর এলাকায় মহাসড়কের পাশে একটি গাছে হেলানো অবস্থায় নিজেকে আবিষ্কার করেন মেহেদি। পরে বিকেলে বরিশালের বাবুগঞ্জের বাহেরচর গ্রামের বাড়িতে ফেরেন তিনি। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মেহেদিকে থানায় ডেকে আনা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। নিখোঁজ হওয়ার পর থেকে কোথায় ছিলেন, কাদের সঙ্গে ছিলেন, কী করেছেন, এসব তিনি বলতে পারছেন না। তাঁর সঙ্গে নিখোঁজ অপর তিন বন্ধু সম্পর্কেও তিনি কোনো তথ্য দিতে পারছেন না। তবে দীর্ঘ সাড়ে চার মাসের বেশির ভাগ সময় অচেতন ছিলেন বলে দাবি করছেন। তাঁর এসব বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি শারীরিকভাবে দুর্বল ও বিপর্যস্ত থাকায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শরীফ শাহাবুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মেহেদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তারপরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে বরিশাল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মেহেদি গতকাল সাংবাদিকদের বলেন, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় একই গ্রামের বন্ধু সুজনসহ চারজন বনানীর নর্দান ক্যাফে রেস্তোরাঁয় খেয়ে বের হয়ে হাঁটছিলেন। একটু অন্ধকার রাস্তায় হঠাৎ কেউ পেছন থেকে তাঁর বাঁ হাতের বাহু ধরে এবং নাকে একটি রুমাল চেপে ধরে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে যখন তাঁর জ্ঞান ফিরে আসে, তখন একটি কক্ষে পাকা মেঝেতে নিজেকে চোখ-হাত বাঁধা অবস্থায় দেখেন। সেখানে তাঁকে সময়মতো খেতে দেওয়া হতো এবং প্রয়োজন অনুযায়ী টয়লেটে নেওয়া হতো। খাবারের সময় হাতের বাঁধন খুলে দিলেও চোখ বাঁধা থাকত। এ কারণে তিনি কাউকে চিনতে পারেননি। তবে দীর্ঘ সময়ে তাঁকে কোনো নির্যাতন করা হয়নি কিংবা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়নি। বন্দী থাকাকালীন কারও সঙ্গে কথা কিংবা দেখা হয়নি বলেও জানান মেহেদি।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানান বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তারাজ্জামান মিলন।