প্রথম আলো দেশের মানুষের কাগজ। মানুষের ভরসার স্থল। রাজনৈতিক দল, থানা-পুলিশ সব কিছু সাধারণ মানুষকে হতাশ করলেও প্রথম আলো সব সময় মানুষের পাশে থেকেছে। গতকাল রোববার বিকেলে দিনাজপুরে প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় পত্রিকাটির পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীসমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে ঢাকার নিমতলী এবং বেগুনবাড়িতে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন বলেন, জন্মলগ্ন থেকে প্রথম আলো অনেক ভালো কাজ করছে। কৃষির উন্নয়নে মুঠোফোনে বার্তার মাধ্যমে দেশের প্রান্তিক চাষিদের কাছে আধুনিক কৃষি-প্রযুক্তির খবর পৌঁছে দিতে ভূমিকা রাখার জন্য তিনি প্রথম আলোর কাছে আহ্বান জানান।পৌর মেয়র সফিকুল হক যুদ্ধাপরাধীদের বিচারে দায়িত্বশীল ভূমিকা রাখতে তিনি প্রথম আলোর প্রতি আহ্বান জানান।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শরিফুল আহসান মাদক এসিডসহ বিভিন্ন অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে প্রথম আলোর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, খবরের কাগজ ভাজা পাঁপড়ের মতো। দ্রুত খেয়ে ফেলতে হয়। প্রথম আলোতে আরও দ্রুত তাজা খবর পরিবেশনে তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানান।দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দলনিরপেক্ষ এবং সমাজসেবামূলক কাজের জন্যই প্রথম আলোর প্রতি দেশের সর্বস্তরের মানুষের এত চাহিদা। দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কানিজ রহমান অভিযোগ করে বলেন, তাঁদের সংগঠনের স্থানীয় খবর প্রথম আলোতে গুরুত্ব পায় না।পাঠক ও শুভানুধ্যায়ীদের বিভিন্ন প্রশ্ন ও বক্তব্যের জবাবে প্রথম আলোর বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, প্রথম আলো একটি দলনিরপেক্ষ কাগজ। স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। মালিক পক্ষ কখনো এ ব্যাপারে হস্তক্ষেপ করে না। প্রথম আলো গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগের আয়োজন, সংবর্ধনার মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দান, দরিদ্র মেধাবীদের লেখাপড়ার ব্যয় বহন, মাদক, এসিড-আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসন, বন্যা, জলোচ্ছ্বাস ও খরা-দুর্গতদের পাশে দাঁড়ানোর মতো কাজের মাধ্যমে দেশের যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে সমাজসেবায় উদ্বুদ্ধ করে থাকে। এ কারণেই পাঠকের কাছে প্রথম আলোর চাহিদা এত বেশি।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. আহাদ আলী, যুব মহিলা লীগের আহ্বায়ক ছবি সিনহা, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সিপিবির জেলা সভাপতি মো. আলতাফ হোসাইন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপিকা শামস পারভীন প্রমুখ।