পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, পর্যাপ্ত উন্নয়ন ছাড়া একটি রাষ্ট্র সব সময় সব নাগরিকের মানবাধিকার পুরোপুরি নিশ্চিত করতে পারে না। বাংলাদেশ সচেতনভাবেই উন্নয়নের এমন একটি পথ বেছে নিয়েছে, যেখানে মানব উন্নয়ন অর্জনে আবশ্যিকভাবেই উঁচু মাত্রার প্রবৃদ্ধির দিকে যাওয়া হয়নি।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভায় গতকাল বুধবার দেওয়া বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সার্বিকভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যেখানে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও আইনের শাসন কার্যকরের পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন কৌশলের অপরিহার্যতা হলো জনগণের ক্ষমতায়ন, যাতে তারা নিজেদের উন্নয়নের সক্রিয় এজেন্ট হিসেবে বদলে নিতে পারে। এতে সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ থাকবে।’ পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় চলমান সহিংসতার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য জাতিসংঘ সনদের আলোকে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার পরিষদ শুধু মানবাধিকার ইস্যুগুলো তুলে ধরবে না, বরং মানবাধিকার নিশ্চিত করতে কার্যকর পথ বাতলে দেওয়ার সংস্থায় পরিণত হবে।