সব সাংবাদিকের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়ার দাবি!
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অসত্য সংবাদ’ পরিবেশনকারী সব সাংবাদিকের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ-দলীয় শিক্ষকদের একটি অংশের পৃথক বৈঠক থেকে এ ধরনের চাপ দেওয়া হয়। তবে এ নিয়ে শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক দুটি শেষ হয়।শিক্ষক নিয়োগ নিয়ে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাহী আদেশে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মিসবাহ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেন। প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিবাদ পরদিন প্রথম আলোয় ছাপা হয়। এর পরও কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিসবাহ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়।বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা এ বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিতর্কিত নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে গত মঙ্গলবার থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার তৃতীয় দিনের অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের একটি পক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জরুরি বৈঠক হয়। সভায় আলোচনা শুরু করে একপর্যায়ে একটি পত্রিকার সাংবাদিকের প্রতি কঠোরতা না দেখিয়ে সব পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে সমান ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক নেতা বলেন, ‘যখন আমার বিরুদ্ধে একটি পত্রিকায় রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মিথ্যা রিপোর্ট ছাপা হয়েছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিল।’ ৈবঠক সূত্র জানায়, প্রথম আলোর নাম উল্লেখ না করে ওই শিক্ষকনেতা বলেন, ‘একটি পত্রিকা এমন কী শৃঙ্খলা ভঙ্গের কাজ করল যে রাতারাতি নজিরবিহীন কঠোরতা দেখাতে হলো?’ শিক্ষকনেতার এ বক্তব্যের পর পক্ষে-বিপক্ষে কথাবার্তা শুরু হলে শেষে কোনো সিদ্ধান্ত ছাড়াই প্রক্টরিয়াল বডির ওই সভা শেষ হয়। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রক্টরিয়াল বডির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে বৈঠকে আলোচনার বিষয়টি ‘অনির্ধারিত’ বলে এড়িয়ে যান। স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাস বলেন, ‘শুধু ওই বৈঠকে নয়, এ ধরনের আলোচনা বিভিন্ন মাধ্যম থেকে আমরা আগে থেকেই শুনে আসছি। এ জন্য আমরা অবস্থান কর্মসূচির ব্যানারে “মুক্ত-স্বাধীন সাংবাদিকতায় ক্ষমতার কালো থাবা—রুখে দাঁড়াও” লেখাসংবলিত স্লোগান ব্যবহার করে আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা মনে করি, ছয় দফা দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয়ে মুক্ত-স্বাধীন সাংবাদিকতার পরিবেশ আর থাকবে না।’