সব সিম নতুন করে নিবন্ধন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার করা সব ধরনের সিম নতুন করে নিবন্ধন করতে হবে। পাঁচ হাজার টাকার বেশি লেনদেন হলেই তুলে রাখতে হবে গ্রাহকের ছবি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপরাধের ঝুঁকি কমাতে গতকাল এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে গতকাল রোববার মোবাইল ব্যাংকিংয়ে জড়িত সব ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়, ছয় মাসের মধ্যে এ ব্যবস্থা কার্যকর করতে হবে। এ ছাড়া প্রতি মাসেই অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।
মোবাইলের মাধ্যমে সব আর্থিক সেবাদানকারী ব্যাংক ও প্রতিষ্ঠানকে দেওয়া চিঠিতে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, মোবাইল ব্যাংকিংয়ের হিসাব খোলার জন্য ‘গ্রাহকদের জানো’ নামে যে নির্ধারিত ফরম (কেওয়াইসি ফরম) আছে, তাঁর তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল থাকতে হবে। এই ব্যবস্থা নির্ভুল করতে আগামী ছয় মাসের মধ্যে সব গ্রাহকের সিম নতুন করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনবিহীন সিম ব্যবহার করা যাবে না। পুনঃ নিবন্ধনের প্রমাণপত্র এজেন্টদের মাধ্যমে সংগ্রহের পর যাচাই করে মোবাইল ব্যাংকিংয়ে জড়িত ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করতে হবে। পাঁচ হাজার টাকার বেশি লেনদেন হলেই এজেন্ট সেই গ্রাহকের ছবি তুলে লেনদেনের তথ্যের সঙ্গে তা সংরক্ষণ করবেন। নতুন করে গ্রাহকদের সিম নিবন্ধনের ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে প্রচার চালাতে হবে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি এর আগেই সিম পুনঃ নিবন্ধনের নির্দেশনা দিয়েছে।