সব সুবিধা থাকা সত্ত্বেও অস্ত্রোপচার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক সব যন্ত্রপাতিসহ রয়েছে সুসজ্জিত অস্ত্রোপচারের কক্ষ। কিন্তু চিকিৎসক-সংকটের কারণে কোনোটিতেই রোগীদের অস্ত্রোপচার করা হচ্ছে না। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট উপজেলাগুলোর বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন প্রসূতি মায়েরা।

সুনামগঞ্জের হাওর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অস্ত্রোপচারের সেবা না থাকায় প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজনে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা অথবা ময়মনসিংহ শহরে যেতে হয়। তাহিরপুর কিংবা শাল্লা উপজেলার হাওরপাড়ের গ্রামগুলো থেকে বর্ষাকালে নৌকায় করে প্রসূতি মাকে নিয়ে জেলা শহরগুলোতে যাওয়ার সময় নৌকাতেই সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে। শুকনো মৌসুমে বিড়ম্বনা আরও বাড়ে। তখন এসব এলাকায় নৌকা চলে না। আবার অনেক জায়গায় সড়ক যোগাযোগও ভালো নয়।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, সুনামগঞ্জে উপজেলা রয়েছে ১১টি। এর মধ্যে জেলার সদর হাসপাতালসহ ১০টিতে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চিকিৎসকের অভাবে সদর হাসপাতাল ছাড়া অন্য নয়টিতে দীর্ঘদিন ধরে প্রসূতি মায়েদের অস্ত্রোপচারসহ অন্য অস্ত্রোপচারও বন্ধ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কোনো কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে আজ পর্যন্ত কোনো অস্ত্রোপচার হয়নি। সদর হাতপাতালেও মাঝখানে দুই বছর সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ছিল।

সূত্র জানায়, প্রসূতি মায়েদের অস্ত্রোপচারের জন্য একজন গাইনি সার্জন এবং একজন অবেদনবিদ প্রয়োজন। কিন্তু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, জামালগঞ্জ, ধরমপাশা, দিরাই ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি সার্জন ও অবেদনবিদ নেই। এর বাইরে জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলায় সম্প্রতি দুজন গাইনি সার্জন যোগ দিলেও অবেদনবিদ না থাকায় সেখানেও প্রসূতি মায়েদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু থেকেই এই অস্ত্রোপচার হয় না। গ্রামের ধাত্রীরাই প্রসূতি মায়েদের ভরসা। অবস্থা গুরুতর হলে সুনামগঞ্জ যেতে হয়। জেলা সদরের হাসপাতালেও অনেকে সময় সিজারিয়ান অপরেশন বন্ধ থাকে। তখন বাধ্য হয়ে মানুষ ক্লিনিকে যায়।

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ বলেন, এখানে শুধু প্রসূতি মায়েরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তা নয়; জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বলতে কিছু নেই। এখানে কোনো রোগী গেলে তাঁকে হয় সুনামগঞ্জ, না হয় সিলেটে পাঠিয়ে দেওয়া হয়।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়াস কামাল চৌধুরী বলেন, এখানে অস্ত্রোপচারের সব ব্যবস্থাই রয়েছে। কিন্তু চিকিৎসক না থাকায় কখনোই প্রসূতির অস্ত্রোপচার হয়নি।

সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘সিজারিয়ান অপারেশনের জন্য মূলত একজন গাইনি সার্জন ও একজন অ্যানেসথেশিয়া চিকিৎসকের প্রয়োজন। কিন্তু সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একসঙ্গে এই দুজন চিকিৎসক না থাকায় দীর্ঘদিন থেকেই সিজারিয়ান অপারেশন হচ্ছে না। আমরা বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থাকি।’