সব সুবিধা নিয়েই নির্বাচন করবেন মন্ত্রী-সাংসদেরা

সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনে অথবা সংসদ ভেঙে যাওয়ার পরের ৯০ দিনের মধ্যে— যখনই নির্বাচন হোক, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেবেন। কারণ, আইনে নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সাংসদদের ক্ষমতা নিয়ন্ত্রণের কথা বলা নেই। এ কারণে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য অসম অবস্থা তৈরি হবে।নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের যে প্রস্তাব করেছে, তাতেও নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী বা মন্ত্রী-সাংসদদের ক্ষমতা বা সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণের কোনো বিধান রাখা হয়নি। বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলের সাংসদদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, বিদ্যমান আইনে নির্বাচন করতে গেলে মন্ত্রীদের আচরণ নিয়ন্ত্রণই কেবল নয়, মন্ত্রিসভার আকার বড় না ছোট হবে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নির্বাহী ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারবেন, তাঁরা একান্ত সচিব বা সহকারী একান্ত সচিব পদে কাউকে রাখতে পারবেন কি না, তাঁদের নিরাপত্তাব্যবস্থা কেমন থাকবে, সাংসদদের মর্যাদা কোন পর্যায়ের হবে—এ বিষয়গুলো নির্বাচনী আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সে জন্য আরপিওতে সংশোধনী আনতে হবে। সেই সংশোধনীর আলোকে আচরণবিধিও সংশোধন করতে হবে।জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রী-সাংসদদের কর্মপরিধি নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে না। এতে সরকারি দলের মন্ত্রী-সাংসদেরা নির্বাচনে বাড়তি সুবিধা পাবেন। বৈষম্যের শিকার হবেন বিরোধী দলের প্রার্থীরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সচিব-সভায় বৈঠকে বলেছেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। সে সময়ে মন্ত্রীরা দৈনন্দিন কাজ ছাড়া নীতিগত কোনো সিদ্ধান্ত নেবেন না। সংসদ থাকলেও অধিবেশন বসবে না।সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার আগে অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে, ভেঙে যাওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।কিন্তু মন্ত্রীরা যে শুধু দৈনন্দিন কাজ করবেন, নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, সে বিষয়ে সংবিধান বা আরপিওতে কোনো নির্দেশনা নেই। এটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রে ছিল।সংবিধানের ৫৬ অনুচ্ছেদে বলা আছে, সংসদ ভেঙে যাওয়ার কারণে এবং পরবর্তী সাধারণ নির্বাচনের মধ্যবর্তী সময়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগের প্রয়োজন দেখা দিলে, যাঁরা সাংসদ ছিলেন, তাঁদের সংসদ সদস্য হিসেবে বিবেচনা করে সেখান থেকে নিয়োগ নিতে হবে।সংবিধানের ৫৭ অনুচ্ছেদে বলা আছে, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন। এরপর অন্য কোনো সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নন, এ মর্মে সন্তুষ্ট হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন। এ ক্ষেত্রে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত আগের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে যেতে পারবেন। ৫৮ অনুচ্ছেদে বলা আছে, উত্তরাধিকারীরা দায়িত্বভার গ্রহণ করার আগ পর্যন্ত মন্ত্রীরাও স্বপদে বহাল থাকবেন।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, পরের ৯০ দিনে নির্বাচন হলে বিরোধী দল অপেক্ষাকৃত কম বৈষম্যের শিকার হবে। বিশ্বের অনেক দেশেই এই রীতিতেও নির্বাচন হয়।
বর্তমানে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য যে আচরণবিধি আছে, তা দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নয়। বিধিটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের উপযোগী করে তৈরি করা। বিদ্যমান আচরণবিধিতে জাতীয় নির্বাচনে সরকারি সুবিধাভোগী প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সাংসদদের ক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়ে কিছু বলা নেই। তবে উপনির্বাচনের বিষয়ে ১৪ ধারায় বলা আছে, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদাসম্পন্ন সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় সফর বা প্রচারণায় অংশ নিতে পারবেন না। সংশ্লিষ্ট এলাকার ভোটার হলে তিনি কেবল ভোট দেওয়ার জন্য এলাকায় যেতে পারবেন।