সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রের সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়েও এগিয়েছে বাংলাদেশ। মূলত এসব সম্ভব হয়েছে ২০০৯ সালের পর থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায়।
আজ রোববার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন। চিরিরবন্দর মডেল পাইলট উচ্চবিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় বিদ্যালয় চত্বরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় লক্ষ্য অর্জনের নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের সব যোগ্যতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণা করা হবে। বঙ্গবন্ধুর পর একমাত্র শেখ হাসিনাই হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন।
বিএনপির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে যেটুকু এগিয়ে নিয়ে যেত, বিএনপি ঠিক ততটাই পিছিয়ে দিত। বিদ্যুতের উদাহরণ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ আওয়ামী লীগকে যখন ষড়যন্ত্রেও মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়, তখন বিদ্যুৎ উৎপাদন হতো ৪ হাজার ৪০০ মেগাওয়াট। ২০০১ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে ২০০৬-এ ক্ষমতা থেকে যাওয়ার সময় বিদ্যুৎ উৎপাদন হতো ৩ হাজার ২০০ মেগাওয়াট।
চিরিরবন্দর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক আহসানুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী সাঁইতাড়া ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। গত শনিবার রাতে উপজেলার রাণীবন্দরে নশরতপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।