সব স্কুলের শিশুদের কিডনি পরীক্ষা করা হবে
বিনা মূল্যে পর্যায়ক্রমে সব স্কুলে শিশুদের কিডনি পরীক্ষা করার উদ্যোগ নেবে জাতীয় ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। একই সঙ্গে যাদের কিডনিতে সমস্যা পাওয়া যাবে, তাদের বিনা মূল্যে চিকিৎসা দেবে ইনস্টিটিউট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুলের ৪০০ শিক্ষার্থীর কিডনি পরীক্ষার আয়োজন করে জাতীয় কিডনি ইনস্টিটিউট। সেখানে এই উদ্যোগের কথা জানান ইনস্টিটিউটের পরিচালক কাজী রফিকুল আবেদীন। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
আজ যাদের কিডনি পরীক্ষা হয়, তাদের মধ্যে শতকরা পাঁচজনের কিডনি রোগ শনাক্ত হয়েছে।
সাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা, বোনের স্নেহ নিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিশুদের তিনি খুব ভালোবাসেন। শিশুদের মধ্যে তিনি তাঁর ছোট ভাই রাসেলকে খুঁজে পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বদলে দেওয়ার যে প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, এজন্য আর বেশিদিন ধৈর্য ধরতে হবে না।