সব স্তরে সম্মেলন করতে আ.লীগের ১০ টিম গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব স্তরের সাংগঠনিক শাখাগুলোর দ্রুত সম্মেলন শেষ করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করেছে আওয়ামী লীগ। সংগঠনের জেলা ও উপজেলা নেতাদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রাজধানীর গণভবনে গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই যৌথসভার সিদ্ধান্তগুলো জানানো হয়।

১ নম্বর টিমের অধীনে দেওয়া হয়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলা। এই টিমের সমন্বয়ক হলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

২ নম্বর টিমের অধীনে রয়েছে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা। এই টিমের সমন্বয়ক রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

৩ নম্বর টিম কাজ করবে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা নিয়ে। এ সাংগঠনিক জেলাগুলোতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

৪ নম্বর টিমের অধীনে রয়েছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা, বরিশাল মহানগর, ঝালকাঠি ও পিরোজপুর জেলা। এ টিমের সমন্বয়ক হলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

৫ নম্বর টিমের অধীন সাংগঠনিক জেলাগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। এর সন্বয়কের দায়িত্বে দেওয়া হয়েছে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে।

৬ নম্বর টিমের অধীনে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্যা, নূহ-উল-আলম লেনিন প্রমুখ এই জেলাগুলোতে যাবেন।

৭ নম্বর টিমের অধীন ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ এ জেলাগুলোতে যাবেন।

৮ নম্বর টিমকে দেওয়া হয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট মহানগর ও সিলেট জেলার দায়িত্ব। এ টিমের সমন্বয়ক থাকছেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ্‌ উদ্দিন সিরাজ।

৯ নম্বর টিমের অধীন চট্টগ্রাম (উত্তর), চট্টগ্রাম (দক্ষিণ), চট্টগ্রাম মহানগর, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা। এ টিমের সমন্বয়ক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উ শৈ সিং।

১০ নম্বর টিমের অধীনে থাকছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা (উত্তর), কুমিল্লা (দক্ষিণ), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। এ সাংগঠনিক জেলাগুলোতে যাবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যৌথসভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।