ফেনীর সোনাগাজী পৌর শহরের সবগুলো সড়কই খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। পথ চলতে চরম দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা।জানা যায়, পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৪টি সড়ক চার-পাঁচ বছরে সংস্কার করা হয়নি।পৌর এলাকার বাসিন্দারা বলেন, প্রতিটি সড়ক খানাখন্দে ভরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে পায়ে হাঁটাও কষ্টকর। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। বেশি জরুরি না হলে এলাকার লোকজন রাতে এসব সড়কে চলাফেরা করতে চায় না। রিকশাচালক বেলাল হোসেন বলেন, সোনাগাজী পৌর শহরের সব সড়ক গর্তে ভরা। যাত্রী নিয়ে এসব সড়কে চলাচল করলে রিকশার ক্ষতি হয়। আয়ের অনেক টাকাই চলে যায় রিকশা মেরামতে। বাকি টাকা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে।পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ কলিম উল্লাহ প্রথম আলোকে বলেন, বেশি ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা পৌর মেয়রকে দেওয়া হয়েছে। অচিরেই এসব সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।সোনাগাজী পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সুশান্ত কুমার পাল বলেন, পৌর এলাকার অনেকগুলো সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এগুলোর মধ্যে পাঁচটি সড়কের সংস্কারের জন্য দরপত্রের প্রক্রিয়া শেষ করে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে ঠিকাদারেরা কাজ শুরু করতে দেরি করছেন। তিনি বলেন, অবশিষ্ট সড়কগুলোর সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।সোনাগাজী পৌর মেয়র মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাঙা সড়ক সংস্কার ও মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি সড়ক সংস্কারের জন্য ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে। অবশিষ্ট সড়কগুলো পর্যায়ক্রমে মেরামতের ব্যবস্থা করা হবে।