যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলাসহ সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতে হতেই হবে। যশোরে বোমা হামলার ১১ বছর উপলক্ষে গতকাল শনিবার রাজধানী ঢাকার তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আলম বলেন, ‘অবিলম্বে উদীচী হত্যা মামলার পুনঃ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভুলে গেলে চলবে না, আমরা দীর্ঘকাল একটা প্রহসনের মধ্য দিয়ে অতিক্রম করেছি। একটু ছাড় দিলেই আমাদের অস্তিত্বের সংকট হতে পারে।’অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বদিউর রহমান, জামশেদ আনোয়ার প্রমুখ। সভা শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা পাঠ করা হয়। এর আগে বোমা হামলায় নিহতদের স্মরণে উদীচীর কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমার বিস্ফোরণে সন্ধ্যা রায়, বাবুল সূত্রধর, তপন, নূর ইসলাম, ইলিয়াস মুন্সিসহ ১০ জন নিহত হয়। পঙ্গু হয় আরও অনেকে। সাত বছর পর ২০০৬ সালের ৩০ মে মামলার সব আসামিকে বেকসুর খালাস দেন আদালত।গতকাল বিকেলে যশোর শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) উদীচী হত্যা মামলার পুনঃ তদন্ত ও বিচার আন্দোলন কমিটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, মামলা তদন্তের জন্য পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। পুলিশের অসাধ্য কিছুই নেই। এ জন্য তাদের সুযোগ দিতে হবে।কমিটির যশোরের আহ্বায়ক ও যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোমা হামলার সময় উদীচীর জাতীয় সম্মেলনের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান কাজী আবদুস শহীদ, উদীচী যশোরের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক ডি এম শহিদুজ্জামান প্রমুখ। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন বলেন, উদীচীর হামলার সঙ্গে ছায়ানট ও রমনার বটমূলে হামলা একসূত্রে গাঁথা।