সব হাওরের বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি
হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি বন্ধ ও দ্রুত সব হাওরে বাঁধের কাজ শেষ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে বেলা ১১টায় ওই মানববন্ধনের আয়োজন করে টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বলা হয়, জেলার প্রধান ফসল বোরো। এ বছর জেলার ৪০টি হাওরের ফসল রক্ষায় ৫৮ কোটি ৭০ লাখ টাকার বাঁধের কাজ হচ্ছে। জেলায় বোরো ফসলের আবাদ হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়া, বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের অনিয়ম-গাফিলতি থাকায় ফসল নিয়ে সুনামগঞ্জের মানুষ উদ্বিগ্ন।
বক্তারা বলেন, প্রতিবছর বাঁধের কাজ নিয়ে অনিয়ম-দুর্নীতি আর লুটপাট হয়। এ কারণে গত বছরও অকালবন্যা ও পাহাড়ি ঢলে হাওরে ফসলহানি হয়েছে। এবার মার্চের প্রথম থেকে বৃষ্টি শুরু হওয়ায় কৃষকেরা জমির ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বাঁধের কাজ শেষ না হওয়ায় তাঁদের চিন্তা আরও বেড়েছে। তাঁরা হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ ও বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে দাবি জানান।
বক্তব্য দেন টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সনাকের সদস্য ধূর্জটি কুমার বসু, সঞ্চিতা চৌধুরী ও কানিজ সুলতানা, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সাংবাদিক বিন্দু তালুকদার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ প্রমুখ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। তবে কিছু ঠিকাদার এখনো আশানুরূপ কাজ করেননি।