সব হারানো মেয়েটি বেঁচে থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর আগে পল্লবীর বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা যায় ফারজানার নয় স্বজন। গুরুতর অসুস্থ কিশোরীটি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন l প্রথম আলো
দুই বছর আগে পল্লবীর বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা যায় ফারজানার নয় স্বজন। গুরুতর অসুস্থ কিশোরীটি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন l প্রথম আলো

দুই বছর আগের এক সকালে চোখের সামনে পরিবারের নয়জন সদস্যকে পুড়ে মরতে দেখেছে মেয়েটি। শরীরে আগুনের দগদগে ক্ষত নিয়ে সেদিন সে বেঁচে যায়। এই ক্ষত আর সব হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাবাকেও সড়ক দুর্ঘটনায় হারাতে হয়। বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জীবন কেটে যাচ্ছিল তার। তবে এবার সেখানে বাদ সেধেছে জটিল এক ব্যাধি। তার বেঁচে থাকার স্বপ্ন এখন হোঁচট খাচ্ছে হাসপাতালের বিছানায় বিছানায়।
২০১৪ সালের ১৪ জুন ভোর। রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান ফারজানা আক্তারের (১৬) মা বেবি আক্তার, বড় ভাই আশিক ও ভাবি শিখা, দুই যমজ ভাই লালু হোসেন ও ভুলু হোসেন, তিন বোন শাহানা আক্তার, রোকসানা বেগম, আফসানা আক্তার ও ভাগনে দুই বছরের মারুফ। পরিবারের নয় সদস্যের এমন মৃত্যুর পর অগ্নিদগ্ধ ফারজানার প্রথম তিন মাস কাটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আগুনে তাঁর শরীরের ১৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর মধ্যেই বাবা ইয়াছিন আলী সড়ক দুর্ঘটনায় নিহত হলে ফারজানাকে নিজের কাছে এনে রাখেন খালু আসলাম খান ও খালা শাহীদা বেগম। এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০তলা ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বিছানাটি ফারজানার নতুন ঠিকানা। এর আগে নানা অসুস্থতায় হাসপাতালে হাসপাতালে তার কেটেছে প্রায় পাঁচ মাস।
ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা বলছেন, ফারজানা এখন এসএলই বা সিস্টেমেটিক লুপাস ইরিথেম্যাটোসাস নামের জটিল রোগে আক্রান্ত। এই রোগে শরীরের কিডনি, ফুসফুস, যকৃৎসহ শরীরের নানা অংশ বিকল হয়ে পড়তে পারে। রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর মাথার চুল পড়ে যাওয়া, রোদের সংস্পর্শে এলে চামড়া পুড়ে যেতে পারে। দেখা দিতে পারে তীব্র অবসাদ। প্রাথমিক অবস্থায় ফারজানার কিডনি আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালে ফারজানার বিছানার পাশে বসে কথা হচ্ছিল তার খালু আসলাম ও খালা শাহীদার সঙ্গে। সব হারানো মেয়েটির একমাত্র আশ্রয় এখন তাঁরাই। আসলাম বলেন, ‘ফারজানা ওর সব হারিয়েছে। কিন্তু আমরা ওকে হারাতে চাই না। যেভাবে হোক মেয়েটি বেঁচে থাকুক।’
ফারজানার খালা-খালুর কাছ থেকে জানা গেল, এখনো ফারজানা পরিবারের সব সদস্য পুড়ে মরার সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ভয়ে কুঁকড়ে যায়। আগুনে পুড়ে ফারজানার বাঁকা হয়ে যাওয়া হাত ঠিক করতে তাঁরা আরেকটি হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে আসার আগে ১৫ দিন বাংলাদেশ মেডিকেলেও সে ভর্তি ছিল। এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে দেড় লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে।
কিন্তু ধানমন্ডির একটি সেলুনে কাজ করা আসলামের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফারজানার খালা শাহীদা বলেন, ‘আমার নিজের তিন ছেলে ও এক মেয়ে। ফারজানাকে কখনো আলাদা করে দেখি নাই। কিন্তু একজনের আয়ে আর কতক্ষণ? আমারও তো সংগতি থাকতে হবে।’
শাহীদা খাতুন আরও বলেন, ‘প্রচণ্ড বমি, পেটে ব্যথা, রক্তশূন্যতা আর পায়খানা-প্রস্রাবের সমস্যা নিয়ে আমরা এখানে আসছিলাম। এখন বমি কিছুটা কম, নরম খাবার খেতে পারছে।’
এ সময় বিছানায় আধশোয়া অবস্থায় মৃদুস্বরে কথা বলে ওঠে ফ্যাকাশে, শীর্ণ ফারজানা। তার কাছ থেকে জানা যায়, সে এখন ঢাকা প্রেসিডেন্সি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থতার কারণে গত দেড় মাস স্কুলে যেতে পারছে না।
ফারজানা এখন ঢাকা মেডিকেলের মেডিসিন ইউনিটের প্রধান অধ্যাপক টিটু মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা বললেন, ফারজানার শারীরিক অবস্থা অতিমাত্রায় খারাপ থাকায় এত দিনে কিডনির বায়োপসি পর্যন্ত করা যায়নি। আগামী বৃহস্পতিবার এটা করা হবে।
চিকিৎসকদের ভাষ্য, ফারজানার যে রোগ তার পূর্ণাঙ্গ আরোগ্য কখনো হবে না। তবে নিয়মিত চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থ। কিডনির বায়োপসি রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।