বসুন্ধরা সিটির আগুন ৩০ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন।
এর আগে গতকাল দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। বিভিন্ন তলায় দোকানের শাটার ভেঙে আগুন আছে কি না, তা দেখা হয়। বন্ধ দোকানগুলো থেকে জমে থাকা ধোঁয়াও বের করে দেওয়া হয়। সব হারানোর শঙ্কা নিয়ে বিপণিবিতানটির আশপাশে অপেক্ষা করেন অনেক ব্যবসায়ী।
গত রোববার বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের ছয়তলার সি ব্লকে একটি জুতার দোকান থেকে আগুন লাগে। রোববার বসুন্ধরা কর্তৃপক্ষ দাবি করে, ছয় ঘণ্টা পরেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, সাত-আটটি দোকান পুড়েছে। গতকাল ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান গতকাল দুপুরের পর বলেন, ‘বিপণিবিতানটির প্রায় ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রতিটি দোকানের শাটার ভেঙে সুপ্ত আগুন নেভানোর চেষ্টা চলছে।’
এখানে কাজ করা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ওই বিপণিবিতানে আগুন জ্বলার মতো সব রকম উপকরণ মজুত রয়েছে। সেখানে সিনথেটিক, রাবার, প্লাস্টিক, কাগজ ও চামড়াজাতীয় প্রচুর জিনিসপত্র রয়েছে। দীর্ঘ সময় আগুন জ্বলার কারণে প্রচণ্ড তাপে অন্যান্য দোকানে থাকা মজুত মালামালেও আগুন ছড়াতে পারে। সে শঙ্কা থেকে সব কটি দোকান পরীক্ষা করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে, প্রায় সব দোকানের শাটার বন্ধ। অনেকগুলো দোকানের রাবার ও প্লাস্টিকের মালামাল তাপে গলে গিয়ে সিলগালার মতো হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতি তলায় গিয়ে ওই সব দোকানের শাটার ভেঙে পরীক্ষা করেন। শাটার ভাঙার পর ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হয়।
গতকাল দোকান মালিক সমিতির নেতারা বিপণিবিতানের ভেতরে ঢুকলেও সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অনেক ব্যবসায়ী বিপণিবিতানের সামনে দিনভর অপেক্ষা করেন। ব্যবসায়ীরা তাঁদের নিজেদের দোকানের অবস্থা জানার জন্য মালিক সমিতির নেতাদের কাছে ধরনা দেন।
দোকানমালিকদের দেওয়া তথ্যমতে, এই বিপণিবিতানে প্রায় ২ হাজার ৮০০ দোকান রয়েছে।
পাঁচতলার ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, গত বছর যখন ওই মার্কেটে আগুন লাগে, তখন তিনি দামি কিছু মালামাল নিয়ে বের হতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাকর্মীরা তা বাজেয়াপ্ত করেন। পরে প্রমাণ দেখিয়ে মালামাল পেতে হয়েছে। এ ছাড়া গতবার আগুনের সময় যেসব দোকানদার ঠিকমতো দোকান লাগাননি, তাঁদের অনেকের দোকানেই ‘লাল তালা’ লাগিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষের কাছে আবেদন করে তদন্তের পরে সেসব তালা খুলতে হয়েছে। এ কারণে তাঁরা ধরে নিয়েছেন, রোববারের আগুনেও একই নির্দেশনা ছিল এবং তাঁরা সবাই দোকান তালা মেরে মার্কেট ছেড়েছেন। এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, দোকানের শাটারে তালা দেওয়া থাকায় তাদের আগুন নেভাতে দেরি হয়েছে। অনেক দোকানের শাটার ভাঙতে হয়েছে।
শঙ্কায় ব্যবসায়ীরা: দিনভর ব্যবসায়ীরা কার কত টাকার পণ্য ছিল, তার হিসাব করেছেন। ছয়তলার ‘সি’ ব্লকের ‘লিবার্টি শুে’ দোকানের মালিক শাখাওয়াত হোসেন বলেন, চারটি দোকান মিলে তাঁর শোরুম। রোববার সকালেই ২০ লাখ টাকার নতুন পণ্য আনা হয়েছিল। বসুন্ধরার পেছনের দিকের এই দোকানটি রাস্তা থেকে দেখা যায়। ওই জানালা দিয়ে তিনি দোকান পুড়ে যেতে দেখেছেন।
শুধু সি ব্লক নয়, সব ব্যবসায়ীই ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন। ‘ডি’ ব্লকের নিক্কন টেলিকমের মালিক নাজমুল হাসান বলেন, তাপে, পানিতে ও ধোঁয়ায় তাঁর দোকানের মুঠোফোন সেট, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য নষ্ট হয়ে যেতে পারে।
‘সি’ ব্লকের শুঁ মার্টের মালিক মুকুল রানা বলেন, পুরো দোকানে প্রায় এক কোটি টাকার জুতা ছিল। ঈদের কেনাবেচার জন্য নতুন জুতা রেখেছিলেন দোকানে। তাঁর আশঙ্কা, কোনো পণ্যই আর অক্ষত নেই।
গতকাল দুপুরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ঘটনাস্থলে আসেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বেলা সাড়ে তিনটার দিকে বসুন্ধরা সিটির হেড অব মার্কেটিং এম এম জসিমউদ্দিন বলেন, ফায়ার সার্ভিস এখনো তাঁদের কাছে ছয়তলার দায়িত্ব বুঝিয়ে দেয়নি। তারা কাজ করছে। তাদের কাজ শেষ হলে পরে টেকনিক্যাল কমিটি বৈঠকে বসবে। তখন সিদ্ধান্ত হবে মার্কেট কবে চালু হবে।