সব হারানো কমলার স্বীকৃতিও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলা বেগম
কমলা বেগম

পাকিস্তানি সেনাদের হাতে দুঃসহ নির্যাতনের শিকার হয়ে জন্ম দিয়েছেন যুদ্ধশিশুর। সেই সন্তান মারা গেছে জন্ডিসে। নির্যাতনের ঘটনা গোপন রেখে বিয়ে দিয়েছেন ভাইয়েরা। এ খবর জানতে পেরে দুই সন্তান রেখে চলে গেছেন স্বামী। সেই নারী এখন পাগলপ্রায়।

ওই নারীর নাম কমলা বেগম (৬২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের জেন্নাত আলীর মেয়ে। এখন থাকেন কীর্ত্তিপাশা ইউনিয়নের গাবন্দধবল গ্রামে অন্যের জমিতে ছাপরাঘরে। স্বাধীনতার ৪৭ বছরেও তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।

জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের সময়কার মানুষজন ও মুক্তিযোদ্ধারা সবাই কমলা বেগমের ইতিহাস জানেন। তাঁর আত্মত্যাগ দেশের জন্য অম্লান হয়ে থাকবে। তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

এলাকাবাসী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে শেখেরহাট ইউনিয়নের খায়েরহাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পাকিস্তানি বাহিনী শিবির স্থাপন করে। এর চার-পাঁচ দিন পর এলাকার দুই রাজাকার পাকিস্তানি সেনাদের মির্জাপুর গ্রামে নিয়ে আসে। তারা কমলাদের বাড়িতে হানা দেয়। সেখানে রাজাকারদের পাহারায় কয়েকজন সেনা তাঁর ওপর পৈশাচিক নির্যাতন চালায়। রাজাকারেরা তাঁকে সেনাদের শিবিরে দিয়ে আসে। সেখানে তাঁর ওপর চলে নির্যাতন। মাসখানেক পর তিনি শিবির থেকে পালিয়ে যান। তাঁকে না পেয়ে ক্ষিপ্ত সেনারা বাড়িঘর লুট করে আগুন দেওয়ার উদ্যোগ নেয়। এলাকার এক ব্যক্তি কোনোমতে বুঝিয়ে আগুনের হাত থেকে বাড়িগুলো রক্ষা করেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাধীনতার পর কমলা অন্তঃসত্ত্বা হন। জন্ম দেন ছেলের। নাম রাখা হয় কামাল। গোপনীয়তার সঙ্গে বড় করে দুই বছর বয়সে তাকে একটি এতিমখানায় হস্তান্তর করা হয়। এসব ঘটনা গোপন রেখে ভাইয়েরা কমলাকে সদর উপজেলার জৌসার গ্রামের হাসেম আলীর সঙ্গে বিয়ে দেন। সে ঘরে কমলার এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। হাসেম একসময় কমলার ওপর নির্যাতনের ঘটনা জানতে পারেন। এরপর হাসেম স্ত্রী-সন্তানদের রেখে নিরুদ্দেশ হন। সেই থেকে কমলা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরে বেড়ান। ১৮ বছর বয়সে ছেলে কামাল জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। এখন ছোট ছেলে জামাল গাবন্দধবল গ্রামে শ্বশুরের দেওয়া একখণ্ড জমিতে ঘর বেঁধে মাকে নিয়ে বাস করেন। তিনি রিকশা চালান। কমলার মেয়ের বিয়ে হয়েছে।

জামাল মিয়া বলেন, ‘আমি মায়ের জন্য গর্ববোধ করি। তাঁর স্বীকৃতির জন্য উপজেলা প্রশাসন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কমান্ডে একাধিকবার আবেদন করেছি। কিন্তু ফল হয়নি। দেশের জন্য মায়ের এই ত্যাগের স্বীকৃতি চাই। তাঁর চোখ দিয়ে পানি ঝরে। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না।’

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ সময় কীর্ত্তিপাশা বাজারে ভবঘুরের মতো ঘুরে বেড়ান কমলা। মানুষের দেওয়া খাবার খেয়ে বাজারেই পড়ে থাকেন। দুই-তিন দিন পর ছেলে জামাল এসে খুঁজে বাড়িতে নিয়ে যান। উড়োজাহাজ দেখলে ছোটাছুটি করে পালানোর চেষ্টা করেন।

জানতে চাইলে কমলা বেগম ছাড়া ছাড়া ভাবে বলেন, রাজাকার শামছু মিয়া ও মুনসুর আলী তাঁকে শেখেরহাট ক্যাম্পে ধরে নিয়ে গেছে। মিলিটারিরা নষ্ট করছে। স্বামী তাঁকে ফেলে চলে গেছেন।

ইউএনও আতাহার মিয়া বলেন, ‘কমলা বেগমের ইতিহাস বেদনাদায়ক। আরও আগে তাঁর স্বীকৃতি পাওয়া উচিত ছিল। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাঁর স্বীকৃতির ব্যাপারে চেষ্টা করব।’