সব হারিয়ে এবার আশ্রয়কেন্দ্রে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা, দুই ভাই, বোন ও ভাইঝিকে পাহাড়ধসে হারিয়েছেন রাঙামাটি শহরের ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়ার মোস্তফা হোসেন। তাঁর মা হোসনে আরা বেগমকে ধ্বংসস্তূপ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তিনি এখন হাসপাতালে। স্বজনহারা মোস্তফার মনে এবার ঈদের আনন্দ নেই। 

দীর্ঘশ্বাস ছেড়ে মোস্তফা হোসেন বলেন, ‘সবাইকে হারিয়েছি। শুধু মা বেঁচে আছেন। তিনিও হাসপাতালে। ঘর নেই। আমার আর কীসের ঈদ!’

শহরের রূপনগর এলাকার তহুরা বেগম ১৩ জুন পাহাড়ধসে ঘর হারিয়েছেন। তিন সন্তানকে নিয়ে তাঁর ঠিকানা সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে। তিনি বলেন, ‘ঈদে বাচ্চাদের কাপড় কিনে দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সব হারিয়েছি। টাকাপয়সা নেই। কীভাবে কী করব?’

মোস্তফা, তহুরাদের মতো পাহাড়ধসে স্বজন, ঘরবাড়ি, সম্পদ হারানো মানুষের কাছে ঈদের খুশি ম্লান হয়ে গেছে ভবিষ্যৎ চিন্তায়। ১৯টি আশ্রয়কেন্দ্রের ৩ হাজার ৩০০ লোকের প্রায় অর্ধেকই মুসলমান। এবার আশ্রয়কেন্দ্রেই তাদের সবার ঈদ কাটবে।

ঈদ সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আসে শিশু-কিশোরদের জীবনে। নতুন পোশাক পরে বন্ধু-স্বজনদের বাড়ি বাড়ি বেড়ানোর জন্য ঈদের অপেক্ষায় থাকে তারা। কিন্তু পাহাড়ধসে ঘরহারা শিশুরা মা-বাবার হাত ধরে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। শিশুদের অনেকে রোজার শুরুতে নতুন পোশাকের স্বপ্ন দেখলেও পাহাড়ধস সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রে আশ্রয় নেওয়া নতুন পাড়ার পঞ্চম শ্রেণির ছাত্র আবদুর রাজ্জাক বুঝে গেছে, এই ঈদে তার কপালে নতুন পোশাক জুটবে না।

রাজ্জাক বলে, নতুন পোশাকের সঙ্গে বাবা এবার জুতাও কিনে দেবে বলেছিলেন। কিন্তু ঘর ভেঙে যাওয়ায় কিছুই হচ্ছে না।

রাজ্জাকের বাবা মো. ফারুক বলেন, ‘ঈদে কেনাকাটার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই এই বিপদ। পাহাড়ধস ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে।’

দুর্গত রাঙামাটিতে এখনো শোকের ছায়া। সে কারণেই হয়তো যারা ক্ষতিগ্রস্ত হয়নি, তারাও অনাড়ম্বরে ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, অন্যান্যবার ঈদের আগে শহরের বনরূপা বিএম মার্কেট, রিজার্ভ বাজার মসজিদ মার্কেট ও তবলছড়িসহ বিভিন্ন দোকানে কেনাকাটার জন্য ক্রেতার ভিড় লেগে থাকত। কিন্তু এবার ক্রেতারা তেমন ভিড় জমাননি।

গত শুক্রবার দুপুরে শহরের তিনটি বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, ক্রেতা সমাগম কম। টুকটাক বেচাকেনা চলছে। শানজিদা নামের এক ক্রেতা বলেন, ‘সামান্য কিছু প্রসাধনী কিনলাম। অন্যবার একাধিক পোশাক বানালেও এবার একটি পোশাক নিয়েছি।’

এইচবি প্লাজার ড্রেস পয়েন্টের দোকানি নীলু মজুমদার বলেন, কেনাকাটার অবস্থা ভালো নয়। অল্পস্বল্প কিছু ক্রেতা আসছেন। জমজমাট ব্যাপারটি নেই।

বনরূপা বৃহত্তর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবু সৈয়দ বলেন, এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। মানুষের হাতে টাকা নেই। দিন মজুরদের কাজ নেই। রাস্তা বন্ধ ছিল এত দিন। জিনিসপত্রও আসেনি। সব মিলিয়ে এবার ঈদের বেচাকেনা কম।