সবই আছে, নেই রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সিদ্ধান্ত মালতীবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাব, শিক্ষক-শিক্ষার্থী—সবই আছে, নেই শুধু যাতায়াতের রাস্তা। এক যুগ ধরে অনেক চেষ্টা-তদবির করেও বিদ্যালয়ে যাওয়ার রাস্তা করতে পারেনি কর্তৃপক্ষ। প্রভাবশালী ব্যক্তিরা রাস্তার জায়গা দখল করে ধানের চাষ করায় খালের পাশের আইল (সরু রাস্তা) দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিশু শিক্ষার্থীদের।উপজেলার পান্ডুল ইউনিয়নের শিববাড়ী গ্রামের এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, রাস্তা না থাকায় মোটরসাইকেল ও বাইসাইকেল অন্যের বাড়িতে রেখে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ আইল বেয়ে বিদ্যালয়ে আসতে হয়। পাশে একটি খাল থাকায় শিশু শিক্ষার্থীদের প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয়। গত ২৯ মার্চ সরেজমিনে দেখা গেছে, সরু আইল দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এক পাশে ধানখেত, অন্য পাশে খাল। পথ চলতে বেশ কষ্ট হয়। সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে শিশুরা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা বেগম ও মারুফা আক্তার, পঞ্চম শ্রেণীর মমতাজ বেগম এবং তৃতীয় শ্রেণীর রাকিবুল ইসলাম জানায়, আইল পার হতে তাদের ভয় লাগে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, বারবার অনুরোধের পরও দখলদারেরা রাস্তার জায়গা ছাড়েননি। অভিভাবক-সদস্য আবদুর রাজ্জাক, চিত্তরঞ্জন বর্মণ ও জীবন চন্দ্র বর্মণ জানান, তাঁরা ওই জমি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।দখলদার মানিক চন্দ্র, বিবিধ চন্দ্র বর্মণ ও রাজেন্দ্র নাথ বর্মণ জানান, এত দিন রাস্তা নিয়ে জটিলতা ছিল বলে তাঁরা জায়গা ছাড়েননি। এটা তাঁদের ভুল হয়েছে। শিগগিরই তাঁরা রাস্তার জায়গা ছেড়ে দেবেন। পান্ডুল ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, চলতি মাসেই ১০০ দিনের কর্মসূচি শুরু হলে বিদ্যালয়ের রাস্তাটি বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির আকন্দ বলেন, ‘দখলদারদের সঙ্গে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় চেয়ারম্যানের বৈঠক হয়েছে। আশা করি, শিগগিরই রাস্তার সীমানা নির্ধারণ করে কাজ শুরু করা সম্ভব হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ বলেন, ‘দখলদারেরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে না দিলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’