হাসপাতালের অবকাঠামো, প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম, আসবাব থাকলেও চালুর তিন বছর পরও জনবলসংকটের কারণে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। হাসপাতালের ওয়ার্ডগুলো শুরু থেকেই তালাবদ্ধ। ধার করা দুজন চিকিৎসক শুধু বহির্বিভাগে রোগী দেখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাত কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩১ শয্যার এই হাসপাতালটি ২০০৮ সালের ১৮ জানুয়ারি চালু হয়। এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ চিকিৎসকের ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য। চিকিৎসা সহকারীসহ প্রথম শ্রেণীর ৪১টি পদের মধ্যে ২৩টি শূন্য। সুইপার, এমএলএসএসসহ তৃতীয় শ্রেণীর ১৭টি পদের মধ্যে ১৪টি শূন্য।সরেজমিনে গত মঙ্গলবার হাসপাতালে দেখা গেছে, রোগীরা ওষুধ ছাড়াই শুধু চিকিৎসাপত্র হাতে নিয়ে বাড়ি ফিরছেন। উপজেলার সোনাপুর গ্রামের সোহানী খাতুন বলেন, ‘ইকানি এলি আক্তাররা (ডাক্তার) হাতি শুধু কাগুজ ধরি দেয়। জানের টানাটানি ওগ হলি একানি উগি ভত্তি ন্যায় না। তায়তি একুন অনিকি ইকানে আসি না।’ হাসপাতালের ভেতরে ঢুকে দেখা গেল চারদিকে ময়লা-আর্বজনা। নিচতলায় চিকিৎসকদের অধিকাংশ কক্ষই বন্ধ। দোতলায় মা ও শিশু এবং মহিলা ওয়ার্ড, তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ড তালাবদ্ধ। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ জানান, বর্তমানে এখানকার পাঁচজন চিকিৎসকের মধ্যে দুজন প্রশিক্ষণে আছেন। আর দুজন এখানে বদলি হলেও যোগ না দিয়ে অন্যত্র বদলি হওয়ার চেষ্টা করছেন। তাই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দুজন চিকিৎসককে দিয়ে বহির্বিভাগ চালু রাখা হয়েছে। শুধু নয়জন সেবিকা থাকলেও তাঁদের কোনো কাজ নেই। কয়েকজন চিকিৎসককে এখানে বদলি করা হলেও তাঁরা যোগদান না করে তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে গেছেন। চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের থাকার পাঁচটি চারতলা ভবন অনেকটা ফাঁকা পড়ে আছে। কৃমি আর জ্বরের ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ এখানে নেই। এ ব্যাপারে মন্ত্রণালয়ে একাধিক চিঠি দিয়ে জানানো হলেও কাজ হচ্ছে না। মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকটের কথা স্বীকার করে জানান, এখানে জনবল নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু সারা দেশে নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় আর নিয়োগ দেওয়া যায়নি। উপজেলায় স্বাস্থ্যসেবা সহায়তাদানকারী প্রতিষ্ঠান গুড নেবারস সংস্থার কর্মসূচি কর্মকর্তা বাবুল মল্লিক জানান, শুরুর দিকে হাসপাতালটিতে প্রতিদিন পাঁচ-ছয় শ রোগী হতো। কিন্তু চিকিৎসা না পাওয়ায় এখন রোগী হয় না।