সবই আছে, পাসপোর্ট করার ব্যবস্থা নেই
শরীয়তপুরে পাসপোর্ট কার্যালয় ও লোকবল আছে। কিন্তু গ্রাহককে পাসপোর্ট করে দেওয়ার ব্যবস্থা নেই। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার হাজার হাজার নতুন পাসপোর্ট প্রত্যাশীকে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে পাসপোর্ট শাখা চালু হয়। তখন থেকে গ্রাহকদের চাহিদা মোতাবেক হাতে লেখা পাসপোর্ট সরবরাহ করা হতো। মেশিন রিডেবল পাসপোর্ট গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১১ সালের ৩১ মার্চ এখান থেকে নতুন পাসপোর্ট তৈরির কার্যক্রম প্রত্যাহার করে গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে নেওয়া হয়। গত চার বছরে শরীয়তপুর অফিস থেকে প্রায় ৩৬ হাজার গ্রাহককে নতুন পাসপোর্ট দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুরে হাতে লেখা পাসপোর্ট নবায়ন ও সংশোধনের কার্যক্রম চালু আছে।জাজিরা উপজেলার কাচারি কান্দি গ্রামের দানেশ বেপারী বলেন, ‘অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গোপালগঞ্জ থেকে পাসপোর্ট করতে হয়েছে। সাধারণ পাসপোর্ট করতে তিন হাজার টাকা ফি দিতে হয়। ২০ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও দুই মাস পরে আমি পাসপোর্ট হাতে পেয়েছি।’সদর উপজেলার পশ্চিম শৌলপাড়া গ্রামের জুয়েল আকন বলেন, ‘আমার ভাই ইতালি থাকেন। জরুরি ভিত্তিতে আমার পাসপোর্টের ফটোকপি পাঠাতে বলেছে। পাসপোর্টের জন্য আবেদন করেছি ১৯ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সরবরাহের তারিখ ছিল। এখনো পাসপোর্ট হাতে পাইনি।’ পাসপোর্ট শাখার দায়িত্বে থাকা শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল হক পাটোয়ারী বলেন, ‘গ্রাহককে দ্রুত সেবা দেওয়ার উদ্দেশ্যে ও ডিজিটাল পদ্ধতিতে পাসপোর্ট দেওয়ার জন্য কার্যক্রম শরীয়তপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। গোপালগঞ্জ কার্যালয়ে আবেদন গ্রহণ, আঙুলের ছাপ নেওয়া ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম করা হয়। পাসপোর্ট তৈরি করা হয় ঢাকা কার্যালয়ে। এখন গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যেসব কার্যক্রম সম্পন্ন করা হয়, শরীয়তপুর কার্যালয়ে তার করা সম্ভব।’