সবই দিচ্ছেন যুবলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় এবার সরকারিভাবে নয় কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার গম কেনা হচ্ছে। তবে এসব গম কৃষকের কাছ থেকে না কিনে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামের কাছ থেকে কেনা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, এবার গাংনীতে সরকারিভাবে তিন হাজার ৬১২ মেট্রিক টন গম কেনা হচ্ছে। গত ১৭ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে ৩০ জুন পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে গম কিনতে হবে। প্রত্যেক কৃষক এক বস্তা থেকে তিন মেট্রিক টন পর্যন্ত গম দিতে পারবেন। কিন্তু শুরুর দিনই কোনো কৃষক গম দিতে পারেননি। মজিরুল ইসলামের ৪৬৮ মেট্রিক টন গম গোপনে খাদ্যগুদামে ঢুকে যায়। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরদিন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও জেলা কৃষক লীগের সভাপতি ওয়াসিম সাজ্জাদ গ্রুপ গুদামে তালা ঝুলিয়ে দেন। ওই দিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষও হয়। ১৯ এপ্রিল মজিরুল আবার সাত-আট ট্রাক গম গুদামের সামনে স্তূপ করলে ইউএনও (গম ক্রয় অভিযান কমিটির আহ্বায়ক) ক্রয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এরপর ২৮ এপ্রিল পর্যন্ত গম ক্রয় বন্ধ থাকে। পরে স্থানীয় সাংসদের সমঝোতায় ২৯ এপ্রিল আবার গম ক্রয় শুরু হয়।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, খাদ্যগুদামের সামনে গমবোঝাই ট্রাকের লম্বা সারি। কোনো কৃষকের হদিস নেই। শ্রমিকেরা সেই গম ওজন ও বস্তাভর্তি করে গুদামজাত করার কাজে ব্যস্ত। এসব গম কৃষকের কি না, জানতে চাইলে ট্রাকচালক সোহরাব হোসেন ও গুদামের শ্রমিকেরা বলেন, সব গম মজিরুলের।
ইউএনও মুহাম্মদ আবদুস সালাম বলেন, ‘শুনেছি আবার গম ক্রয় শুরু হয়েছে। কীভাবে হচ্ছে জানতে চায়েন না। ছোট চাকরি করি। অন্যভাবে খোঁজ নেন।’
উপজেলা সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা (গোডাউন ইনচার্জ) সাহাবুল আলম বলেন, ‘ভাই, আপনারা সবই জানেন। আমাকে প্রশ্ন করে বিপদে ফেলছেন কেন? প্রতিবারের মতো সব গম মজিরুল সাহেব দিচ্ছেন।’
মোশারফ হোসেন বলেন, গম দেওয়া নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় ক্রয় বন্ধ ছিল। পরে ২৭ এপ্রিল মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ দলের সব পক্ষকে নিয়ে মেহেরপুর সার্কিট হাউসে সভা করে মিটমাট করেছেন।
ওয়াসিম সাজ্জাদ বলেন, মজিরুলের পেছনে দলের প্রভাবশালী নেতারা আছেন। মূলত মজিরুলই সব গম দেবেন। সাংসদের বৈঠকের সিদ্ধান্ত আইওয়াশ মাত্র। তিনি আরও বলেন, গম সিন্ডিকেটের প্রধান মজিরুল কৃষকদের কাছ থেকে ১৮-২০ টাকা কেজি দরে কিনে ২৭ টাকা দরে সরকারের কাছে গম বিক্রি করছেন। পরে কৃষকের একটি ভুয়া তালিকা ভান্ডাররক্ষকের কাছে দেওয়া হচ্ছে।
মজিরুল ইসলাম বলেন, কৃষক খরচ করে গম নিয়ে সরাসরি খাদ্যগুদামে যান না। তাই কৃষকের কাছ থেকে কিনে সেই গম তিনি সরকারি দরে গুদামে বিক্রি করছেন।
মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন বলেন, তাঁর সমঝোতায় গম ক্রয় শুরু হয়েছে। এবার তিনি যেভাবে বিলিবণ্টন করেছেন, সেভাবেই মজিরুল, ইউপি চেয়ারম্যান ও অন্যরা মিলেমিশে গম দেবেন।