সবই ভুয়া, তবু ১৫ দিন জেল খাটলেন তিনি
মামলা, মামলার বাদী, বিচারকের নাম, মামলার নম্বর, গ্রেপ্তারি পরোয়ানা—সবই ভুয়া। অথচ ভুয়া এই মামলায় ১৫ দিন জেল খাটতে হয়েছে এক নারীকে। গতকাল মঙ্গলবার ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। মাজেদা আক্তার নামের ওই নারীর বাড়ি ঢাকার আশুলিয়ায়।
ঢাকা আদালতে মাজেদা আক্তারের আইনজীবী ছিলেন মো. হাবিব। মুঠোফোনে তিনি বলেন, আশুলিয়ার ভাদাইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আল আমিনের স্ত্রী মাজেদা আক্তারকে গত ২৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বলা হয়, তিনি ফেনীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার আসামি। মামলার নম্বর ৩৭৬/২০১৫। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মাজেদাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়।
আইনজীবী মো. হাবিব বলেন, মাজেদার সঙ্গে তাঁর প্রথম স্বামীর বিবাহবিচ্ছেদ হয় ২০১৫ সালে। দেনমোহর ও স্বামীর কাছে পাওনা টাকার জন্য তিনি আগের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ কারণে প্রতিহিংসাবশত ভুয়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে কেউ এ কাজ করতে পারেন।
ফেনী আদালতে মাজেদার পক্ষে মামলা লড়েন আইনজীবী নুরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মাজেদার মামলার নথি পাঠানো হলে দেখা যায়, ওই নম্বরে (৩৭৬/২০১৫) কোনো মামলা রেকর্ড হয়নি। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৫ সালে মামলা হয়েছে ৩১৪টি। তিনি বলেন, পুলিশের কাছে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানাটিও ছিল ভুয়া। পরোয়ানায় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের নাম লেখা এস এম সফি কামাল। অথচ ফেনীতে এই নামের বিচারকই নেই।
নুরুল ইসলাম মজুমদার বলেন, গত সোমবার বিকেলে ফেনীর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ নথিপত্র পর্যালোচনা করে মাজেদাকে মুক্তি দেন।
ফেনী কারাগারের কারাধ্যক্ষ শঙ্কর মজুমদার বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাজেদাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।