সবই হয়েছে ধামরাইয়ে
সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট—সবই হয়েছে ধামরাই উপজেলা পরিষদের নির্বাচনে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা এসব ঘটনা ঘটিয়েছেন।
ধামরাইয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত গোলাম কবির (আনারস) ও বিএনপি-সমর্থিত তমিজউদ্দিন (দোয়াত-কলম) প্রতিদ্বন্দ্বিতা করেন।
গতকাল রোববার সকাল ১০টার দিকে আমছিমোড় আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে একটি ফাঁকা গুলি করে কেন্দ্র দখলে নেন আওয়ামী লীগ-সমর্থক যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের ভাই জাহাঙ্গীর হোসেন। তাঁরা ব্যালট পেপারে সিল মারতে থাকেন। এর জের ধরে বেলা আড়াইটার দিকে মিজানুর রহমান ও বিএনপি-সমর্থিত প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে তমিজউদ্দিনের সমর্থক মনসুর, ফরহাদ ও আশরাফসহ কয়েকজন আহত হন।
‘সাংবাদিক আইছে, বন্ধ রাখ’: সকাল পৌনে ১০টায় বাসতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বাড়ির কাছে দাঁড়িয়ে শামসুন্নাহার, রোকেয়া বেগম, আফাজউদ্দিন, আবদুর রউফ ও গোলাম মোস্তফা অভিযোগ করেন, বুথে শামসুন্নাহারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোক আবদুল আলিমসহ কয়েকজন আনারস প্রতীকে সিল মারেন। অন্যদেরও প্রকাশ্যে আনারসে সিল মারতে নির্দেশ দিলে তাঁরা ভোট না দিয়েই ফিরে আসেন।
প্রতিবেদকদ্বয় এই অভিযোগের সত্যতা যাচাইয়ে কেন্দ্রে গেলে ফটকেই পথ রোধ করেন আবদুল আলিমের নেতৃত্বে কয়েকজন। তাঁরা বলেন, ‘যাইয়া কি হইব। এখানে দাঁড়ান। একটু কথা আছে।’ একপর্যায়ে আলিম টাকা দেওয়ারও চেষ্টা করেন। প্রতিবেদকেরা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে আলীমসহ অন্যরাও সঙ্গে যান। বুথে প্রবেশ করেই আলিম বলতে থাকেন, ‘সাংবাদিক আইছে, বন্ধ রাখ।’
ওই কেন্দ্রের একটি বুথে দেখা যায়, আলীমের হুঁশিয়ারির পরও শফিক নামের এক ব্যক্তি একের পর এক ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছেন। শফিক নিজেকে গোলাম কবিরের এজেন্ট দাবি করলেও এজেন্টের কার্ড দেখাতে পারেননি। ওই কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
ওই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯৫৮। সকাল ১০টার দিকে কেন্দ্রে কোনো ভোটার ছিল না। তবে ওই সময়ের মধ্যে সেখানে ৬০০ ভোট পড়ে। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা সুনীল চন্দ্র সরকার বলেন, ‘আমার জানামতে এমন কোনো ঘটনা ঘটছে না। কেউ অভিযোগও করেনি।’
সকাল সাড়ে ১০টার দিকে গোলাম কবিরের লোকজন আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারেন। একপর্যায়ে প্রিসাইডিং কর্মকর্তার অনুরোধে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ধামরাইয়ের নির্বাচন পরিদর্শন করেন। বিকেলে জানতে চাইলে তিনি বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরাইল কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্যান্য কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা আমাদের নলেজে যেগুলো দিয়েছেন সেগুলোই জেনেছি। টুকটাক কেন্দ্রের বাইরে কিছু হলে তা আমাদের জানা নেই।’
এই দুই প্রতিবেদক অন্তত ১৫টি কেন্দ্রে যান। এর মধ্যে অন্তত চারটি কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখলের চিত্র দেখেন।
সুয়াপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালেই বিএনপি-সমর্থক প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।