বিআইডিএসের উন্নয়ন সম্মেলনে সুলতানা কামাল
সবকিছু ছেড়ে দিয়ে কেবল প্রবৃদ্ধি নিয়ে আমরা কোথায় যাচ্ছি?

সবকিছুতে ছাড় দিয়ে অর্জিত অর্থনীতির প্রবৃদ্ধির মূল্য নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেছেন, ‘আমাদের দেখতে হবে আমরা কিসের জন্য কী ছাড় দিচ্ছি। আমি যদি নিরাপত্তা ছেড়ে দিই, স্বাধীনতা ছেড়ে দিই, সবকিছু ছেড়ে দিই, তখন অর্জিত প্রবৃদ্ধি নিয়ে আমরা কোথায় যাচ্ছি? এই প্রবৃদ্ধি কিসের জন্য?’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বাংলাদেশের পথচলা’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের গতকাল রোববার শেষ দিনের অধিবেশনে এসব কথা বলেন সুলতানা কামাল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘গণতন্ত্র, শাসনব্যবস্থা ও উন্নয়ন’ শীর্ষক ওই অধিবেশনের সভাপতি ছিলেন তিনি।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন। তাঁর বক্তব্যের সূত্র ধরে সুলতানা কামাল বলেন, ‘আমি শুধু শোষিত হচ্ছি, আমার সমস্ত শ্রম দিচ্ছি, কিন্তু আমার কোনো অংশীদারত্ব নেই। অংশীদারত্ব, অংশগ্রহণ—এ দুটি একসঙ্গে না মেলাতে পারলে প্রবৃদ্ধির কোনো সুফল কেউ পেল না। সুফলটা তো সাধারণ মানুষের কাছে যেতে হবে।’
বিনায়ক সেন যে প্রবন্ধটি উপস্থাপন করেন, তার শিরোনাম ছিল ‘কুড়িটি প্রেমের কবিতা ও একটি হতাশার গান: শাসনব্যবস্থা, গণতন্ত্র ও উন্নয়নে প্রতিফলন’।
‘কুড়িটি প্রেমের কবিতা ও একটি হতাশার গান (টোয়েন্টি লাভ পয়েমস অ্যান্ড এ সং অব ডিসপ্যায়ার)’ চিলির কবি পাবলো নেরুদার একটি কবিতার বই। ১৯২৪ সালে বইটি প্রকাশিত হয়, যখন নেরুদার বয়স ছিল ১৯ বছর।
বিনায়ক সেনের চোখে দারিদ্র্য বিমোচন, অপুষ্টি দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গবৈষম্য কমানো, নারীর এগিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে। পাশাপাশি রাজনীতি থেকে সামরিক বাহিনীর প্রভাব কমার উৎসাহব্যঞ্জক প্রবণতা ফিরে এসেছে এবং সংবিধানে চার মূলনীতি আবার সংযোজন করা—এসব বাংলাদেশের অর্জন।
বিনায়ক সেন বলেন, এসব অর্জনকে নেরুদার কুড়িটি প্রেমের কবিতা হিসেবে গণ্য করা যেতে পারে। তবে একটি হতাশার গানও আছে।
প্রবন্ধে বিনায়ক সেন উন্নয়ন ও শাসন নিয়ে তাত্ত্বিক আলোচনা করেন। তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে সুশাসনের সম্পর্ক নেই। সুশাসন ছাড়াও প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। তবে উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জনের একটি পর্যায়ে সুশাসনের প্রয়োজন হয়। পাশাপাশি বৈষম্য কমিয়ে মানবসম্পদের উন্নয়নে সুশাসন অপরিহার্য।
সুলতানা কামাল বিনায়ক সেনের কিছু বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘নারীর অগ্রগতি হয়েছে, তবে লিঙ্গবৈষম্য নিরসনে আমরা অনেক পিছিয়ে আছি। এ ছাড়া রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব কমা নিয়ে আমার বড় সন্দেহ আছে।’
সুলতানা কামাল বলেন, ‘নারী হিসেবে দেখতে পাই, আমাদের সারাক্ষণ বলা হয় যে বুঝতে হবে। উত্তরাধিকার সমান করা যাবে না, বুঝতে হবে। এটা, ওটা আপনারা করতে পারবেন না, বুঝতে হবে। বাস্তবতা যদি সারাক্ষণ বুঝতে হয়, তাহলে আমরা কীভাবে বাস্তবতাকে পরিবর্তন করব?’
সুলতানা কামাল বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে, তবে আমরা জনগণের অধিকার, সমতা—এসব মূলনীতি বাদ দিতে পারি না।’ রানা প্লাজার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, তবে আমি বলতে পারি যে দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষকে হত্যাও করে। সুশাসনের ওপর জোর না দিলে আমাদের রানা প্লাজা ও তাজরীনের মতো অনেক ঘটনা দেখতে হতে পারে।’
বিনায়ক সেনের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো এম আসাদুজ্জামান, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান এবং ব্যারিস্টার তানিয়া আমির। অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশসহ অনেকে মুক্ত আলোচনায় অংশ নেন।
এম এম আকাশ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি দুইভাবে হতে পারে। এক হলো জনগণের সম্মতির মাধ্যমে। সেখানে প্রবৃদ্ধি কম হবে। অন্যদিকে প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে একটি আমলাতান্ত্রিক পদ্ধতিতে কিছু নিয়ম ভেঙে এগিয়ে গেলে প্রবৃদ্ধি বেশি হবে। তিনি বলেন, ‘কোন পথে প্রবৃদ্ধি হবে, সেটা মানুষের পছন্দের বিষয়, আমার-আপনার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নয়। মানুষ ঠিক করবে কতটুকু সে সম্মতিকে গুরুত্ব দেয়, কতটুকু সে প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য শক্তিকে মেনে নেয়। সেটা ভবিষ্যতে দেখা যাবে।’
তানিয়া আমির বলেন, মানবশরীরের একটি কোষ যদি অন্যদের ছাড়িয়ে দ্রুত বড় হয়, তাহলে তা ক্যানসার তৈরি করে। তেমনি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না।
প্রকল্পে জমি হারানোদের পেনশন দেওয়ার সুপারিশ: বিআইডিএসের ‘বাংলাদেশের যাত্রা’ সম্মেলনের আরেকটি অধিবেশন ছিল জমির ব্যবহার নিয়ে। ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহিরের সভাপতিত্বে ওই অধিবেশনে বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. মনজুর হোসেইন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, এফএওর পরামর্শক ড. রেজাউল করিম তালুকদার, অধ্যাপক এম এম আকাশ, বিআইডিএসের গবেষণা পরিচালক কে এ তৌফিক। এ ছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন বিনায়ক সেন।
বিনায়ক সেন বলেন, উন্নয়ন প্রকল্পে জমি নিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে আজীবন পেনশনের একটা ব্যবস্থা করা দরকার। সাজ্জাদ জহির এই পেনশনকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সুপারিশ করেন।