আরও তিনটি বউ আছে; দুই সন্তানের জনকও তিনি। বিষয়টি জানতেন কনের বাবা। এর পরও এমন একজনের সঙ্গে নিজের অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, বয়স লুকাতে তিনি নিজে ভুয়া জন্মসনদ তৈরি করে এনেছেন।
চুয়াডাঙ্গায় ঘটেছে এ ঘটনা। পৌর এলাকার নুরনগর গ্রামের ওই কনের বাবা, বরসহ চারজনকে গতকাল রোববার এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে প্রথম আলোকে বলেন, ওই চারজনই নিজেদের দোষ স্বীকার করেছেন। বর শাহজালালের তিনটি স্ত্রী ও দুটি সন্তান আছে, এটা জানতেন কনের বাবা মহিদুল। এর পরও নিজের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দিয়েছেন। এটি নজিরবিহীন ঘটনা। ক্ষমার অযোগ্য অপরাধ।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের বাবা নুরনগর গ্রামের মহিদুল ইসলাম (৫৭), বর জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকার মো. শাহজালাল (২৪), স্থানীয় একটি মসজিদের ইমাম ওয়াশিকুর রহমান (৩৪) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের হামিদুল ইসলাম (৪৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিদুল, শাহজালাল ও হামিদুল তিনজনই পরিবহনশ্রমিক এবং পরস্পরের পূর্বপরিচিত। গত ১৬ ফেব্রুয়ারি মহিদুল তাঁর দশম শ্রেণিপড়ুয়া মেয়ে মীম আক্তারের (১৬) সঙ্গে গোপনে শাহজালালের বিয়ে দেন। স্থানীয় মসজিদের ইমাম ওয়াশিকুর এ বিয়ে পড়ান ও নিবন্ধন করেন। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী মেয়েটির জন্মতারিখ ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি। তবে তার বাবা মহিদুল কম্পিউটারের দোকান থেকে ভুয়া জন্মসনদ তৈরি করেন, যাতে জন্মতারিখ দেখানো হয়েছে ১৯৯৯ সালের ১৮ মার্চ।
চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, বিয়ের পর শাহজালাল নিজের বাড়িতে চলে যান। গত শনিবার রাতে তিনি নুরনগর গ্রামে আসেন। মেয়েটির ভাই রাজীব হাসানের কাছে শাহজালালের গতিবিধি সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে শাহজালাল ও মীমের মধ্যে বিয়ের বিষয়টি জানাজানি হয়। তখন রাজীব হাসান খোঁজ নিয়ে জানতে পারেন, বাবার যোগসাজশে মীমের বিয়ে হয়েছে এবং শাহজালালের আরও তিনটি বউ ও দুটি সন্তান আছে।
রাজীব হাসান গতকাল সকালে এলাকার পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ নুরনগর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে চুয়াডাঙ্গা সদরের ইউএনওর কার্যালয়ে নিয়ে আসে। ইউএনও মৃণাল কান্তি দে বেলা একটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।