সবকিছু ঠিকঠাক, বেশ চলছে!
এক দিন চুপ করে থাকার পর আজ সোমবার আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমগুলোয় গতানুগতিক বার্তা পাঠিয়েছে। মন্ত্রণালয়ের দাবি হরতাল-অবরোধে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।
গতকাল রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ১৯ জন নিহত হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য-বিবৃতি পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আলী হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জামায়াত-শিবিরকে দিয়ে বিএনপি নাশকতা করায়। বিবৃতিতে আরও বলা হয়েছে ১৮-দলীয় জোটের অযৌক্তিক হরতাল ও অবরোধ উপেক্ষা করে চাকরিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁদের কর্মস্থলে যোগ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ায় হরতাল ও অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে বিমান, ট্রেন, লঞ্চ চলাচল এবং হাট-বাজার, শপিংমল, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ, অফিস-আদালতের কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।
তবে ওই বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে, ঢাকার বাড্ডায় ককটেলের আঘাতে ফাহিম নামের এক শিশু গুরুতর আহত হয়, দোহারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় চারজন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন, নোয়াখালীর সোনাইমুড়ী থানার জগজীবপুর গ্রামে আওয়ামী লীগের সমর্থকেরা বিজয় মিছিল বের করলে হরতাল ও অবরোধকারী বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত যুবলীগের এক কর্মী চিকিত্সাধীন অবস্থায় মারা যান, দিনাজপুর জেলার হেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াতের কর্মীরা নাশকতা চালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ তা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আসাদুজ্জামান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, সরকারি সম্পদ, জনসাধারণের জানমালের ক্ষতিসহ যারা ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানায়।